মাস্টার্স ক্রিকেট কার্নিভালে ঢাকার শিরোপা

ট্রফি নিয়ে ঢাকা মাস্টার্সের খেলোয়াড়দের উল্লাস। ছবি-বিসিবিআলমগীর কবিরের করা ম্যাচের শেষ ওভারে টানটান উত্তেজনা। রাজশাহী মাস্টার্সকে হারিয়ে শিরোপা জিততে ঢাকা মাস্টার্সের প্রয়োজন মাত্র চার রান। কিন্তু প্রথম পাঁচ বলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি ঢাকা। দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতেও জ্বলে ওঠা ফয়সাল হোসেন ডিকেন্স শেষ বলে পাঁচ উইকেটের নাটকীয় জয় এনে দিয়েছেন দলকে।

শনিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট  স্টেডিয়ামে ১০০ বলের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ১২৭ রান করেছে রাজশাহী মাস্টার্স। চতুর্থ উইকেটে খালেদ মাসুদ পাইলট ও  এহসানুল হক সেজানের ৫৯ রানের জুটি ভালো সংগ্রহের ভিত গড়ে দিয়েছে রাজশাহীর। ৪৬ বলে ৪৮ রান করেছেন সেজান। অধিনায়ক পাইলটের ব্যাট থেকে এসেছে ২০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস।

৩০ রানে তিন উইকেট নিয়ে ডিকেন্স ঢাকার সেরা বোলার। একটি উইকেট নিয়েছেন তালহা জুবায়ের।

জবাবে ৫৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা। তবে ষষ্ঠ উইকেটে ডিকেন্স ও সজল আহমেদের ৭৫ রানের জুটি জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় তাদের। ডিকেন্স ৩৯ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন। তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক সজলের অবদান ২৫ বলে অপরাজিত ৪৮ রান।  এনামুল হক মনির করা মাস্টার্স ওভারে (১০ বলের ওভার) দুটি ছক্কা সহ ২০ রান নিয়ে সজলই পাল্টে দিয়েছেন ম্যাচের চিত্র।

রাজশাহীর পক্ষে ওয়াসেল উদ্দিন দুটি এবং নিয়াজ মোর্শেদ নাহিদ, আলমগীর কবির ও আল আরমান রাজন একটি করে উইকেট নিয়েছেন।