২০১৪ সালে শেষবার খেলেছেন প্রথম শ্রেণির ম্যাচ। সেবার তার দল জেডটিবিএল অবনমনে চলে গেলে দ্বিতীয় বিভাগে, দলের ব্যর্থতায় রাজ্জাকও ছেড়ে দেন প্রথম শ্রেণি ক্রিকেট। দীর্ঘ চার বছর আড়ালে থাকার পর আবার ফিরছেন তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সামনের মৌসুমে ৩৮ বছর বয়সী অলরাউন্ডার খেলবেন পিটিভির হয়ে।
ক্রিকেটে প্রত্যাবর্তনে কি আবার জাতীয় দলে ফেরার মিশনে নামছেন রাজ্জাক? না, পাকিস্তানি অলরাউন্ডার নিশ্চিত করেছেন, জাতীয় দল নয়, বরং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ইচ্ছা থেকেই ক্রিকেটে ফিরছেন নতুন করে।
পাকিস্তানি দৈনিক ‘ডেইলি এক্সপ্রেস’কে নিজের লক্ষ্যের কথা শুনিয়েছেন রাজ্জাক, ‘এই মৌসুমে পিটিভির অধিনায়কত্ব করব আমি। এই মুহূর্তে আমি শতভাগ ফিট। পাকিস্তান কাপ, যেখানে শুধুমাত্র ৯৪ রান করেই নয়, বল হাতে ১ উইকেট নিয়ে প্রমাণ করেছি আমি কতটা ফিট।’ সঙ্গে যোগ করেছেন, ‘আশা করছি ঘরোয়া মৌসুমের পারফরম্যান্স আমাকে সামনের পিএসএলে জায়গা পাইয়ে দেবে। ইতিমধ্যে নির্বাচকদের আমি জানিয়েছি আমার ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে। আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, যদি ঘরোয়া মৌসুমে আমার ফর্ম ও পারফরম্যান্স আশা জাগানো হয়, তাহলে পরের পিএসএলের খেলোয়াড় ড্রাফটে আমি থাকব।’
৩৮ বছর বয়সী রাজ্জাক পাকিস্তানের জার্সিতে সবশেষ খেলেছেন ২০১৩ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টি-টোয়েন্টি ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই অলরাউন্ডার ২৬৫ ওয়ানডেতে ৫,০৮০ রানের সঙ্গে উইকেট নিয়েছেন ২৬৯টি। ৪৬ টেস্টে ১,৯৪৬ রানের পাশাপশি নামের সঙ্গে যোগ করেছেন ১০০ উইকেট। আর ৩২ টি-টোয়েন্টিতে ৩৯৩ রানের সঙ্গে তার উইকেট সংখ্যা ২০। ক্রিকেট ডটকম