মঙ্গলবার মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে ভাগ্যের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে মানিকগঞ্জ মডেল হাই স্কুল। বৃষ্টির কারণে একটি বলও হতে পারেনি, তাই বাইলজ অনুযায়ী টসে জিতে শেষ চার নিশ্চিত করেছে সুনামগঞ্জ। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে অন্য ম্যাচে নড়াইল সরকারি হাই স্কুলকে ৭ উইকেটে হারিয়েছে বগুড়া পুলিশ লাইন্স।
টাঙ্গাইলে বৃষ্টির কারণে ৩৫ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১১৮ রান করেছে নড়াইল। জবাবে রাকিবুল ইসলাম সজিবের ৬৯ রানের সুবাদে সহজেই লক্ষ্যে পৌঁছে গেছে বগুড়া পুলিশ লাইন্স। ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে সেরা খেলোয়াড় সজিব।
মঙ্গলবার টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে খেলবে চট্টগ্রাম বিভাগের সেরা দল সানশাইন গ্রামার স্কুল। মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে আরেক ম্যাচে বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারি হাই স্কুলের প্রতিপক্ষ রংপুর বিভাগের সেরা দল চেহেল গাজী শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৩ মে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।