হুইলচেয়ার ক্রিকেটে বাংলাদেশের হার

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলম্যাচের শেষ ওভারে দরকার ছিল ১৮ রান। কিন্তু ১০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ৭ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজও হেরেছে বাংলাদেশ।  তিন ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

শেষ ম্যাচে বাংলাদেশি বোলারদের রীতিমত শাসন করেছেন রোহিত। তার ৩৯ বলে ৭১ রানের ইনিংসটি ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। রোহিতের ইনিংসের ওপর ভর করেই ভারত ৩ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে।

১৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ১৪৫ রানেই থেমে যায়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শফিক ৫৭ বলে ৬৫, অহিদুল ১৯ বলে অপরাজিত ২৯ করে আলোর মুখ দেখালেও তিনটি রান আউট নড়বড়ে করে দেয় স্বাগতিকদের।

এবার ২-০ তে সিরিজ হারলেও দিল্লিতে অনুষ্ঠিত আগের সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল ২-১ ব্যবধানে। শুধু ক্রিকেটেই নয়, বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধীরাও তাদের ক্ষমতার জানান দিচ্ছেন ক্রীড়াঙ্গনের ভিন্ন ভিন্ন খেলায়।

ম্যাচ শেষে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। তিনি বলেছেন, ‘বাংলাদেশ হেরে গেলেও জয় হয়েছে ক্রিকেটের। শারীরিক অক্ষমতা দূরে সরিয়ে এই ছেলেরা ক্রিকেটকে মহিমান্বিত করেছে। শুধু খেলা নয়, সমাজের বিভিন্ন জায়গায় বিচরণ করা এই শারীরিক প্রতিবন্ধীরা নিজেদের প্রমাণ করল ক্রিকেটের মাধ্যমে।’