মূলত বোলিং কোচের দায়িত্ব সামলান ক্যারিবিয়ান কিংবদন্তি। তবে গত বছরের অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর নতুন কোচ নিয়োগ না দেওয়ায় ওয়ালশকেই দেওয়া হয়েছিল প্রধান কোচের দায়িত্ব। নিদাহাস ট্রফির ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া সাবেক এই পেসারের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতে হতে যাওয়া আফগানিস্তার সিরিজেও তার কোচ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘যেহেতু আমরা নতুন কোচ পাইনি, তাই শেষ সিরিজে যারা স্টাফ ছিলেন, তারাই থাকবেন। শ্রীলঙ্কায় যারা যে দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বেই থাকবেন। শেষ সিরিজে যেহেতু ভালো করেছেন, তাই তিনিই (ওয়ালশ) প্রধান কোচের দায়িত্ব পালন করতে পারেন।’
শুধু প্রধান কোচ নয়, ফিল্ডিং কোচের পদটাও এখন ফাঁকা। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রিচার্ড হ্যালসল দায়িত্ব ছাড়ার পর নতুন করে ফিল্ডিং কোচ নিয়োগ দেয়নি বাংলাদেশ। তাহলে আফগানিস্তানের বিপক্ষে এই দায়িত্বটা সামলাবেন কে? গত কয়েক বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচের দায়িত্ব পালন করা সোহেল ইসলামের নামই নিয়েছেন আকরাম, ‘যেহেতু তিনি (হ্যালসল) নেই, তাই তার পরিবর্তে সোহেল ইসলাম যাবেন দলের সঙ্গে।’ অনূর্ধ্ব-১৯ দল ছাড়াও ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) বিভিন্ন দলের সহকারী কোচের দায়িত্বে সবসময়ই দেখা যায় সোহেলকে।
আফগানিস্তান সিরিজের আগে প্রস্তুতি নিয়ে সাবেক অধিনায়কের বক্তব্য, ‘বাংলাদেশ যাচ্ছে ২৯ মে। সেখানে আফগানিস্তান তাদের কিছু ক্রিকেটার ও স্থানীয় কয়েকজনকে নিয়ে একটা দল গড়ে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। তবে এখন পর্যন্ত এটা নিয়ে নিশ্চিত করে বলতে পারছি না কিছু।’