ভাইরাসজনিত অসুস্থতার কারণে বৃহস্পতিবারের ম্যাচে খেলবেন না পান্ডিয়া। তার জায়গা নিয়েছেন আরেক ভারতীয় মোহাম্মদ সামি। ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদকেও অন্তর্ভুক্ত করা হয়েছে দলে।
আদিলের অন্তর্ভুক্তিতে বিশ্ব একাদশ হলো ১২ জনের দলে। দলটি চারজন লেগ স্পিনার নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবিলা করবে লর্ডসে। আদিলের সঙ্গে আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও নেপালের সন্দীপ লামিচানে।
পারিবারিক ঝামেলায় কঠিন সময়ের মধ্যে থাকা সামি সর্বশেষ ক্রিকেট খেলেছেন আইপিএলে। দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি এবার পরেছেন তিনি মাত্র চার ম্যাচ। অন্যদিকে ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তির পর আদিল খেলেছেন রয়্যাল লন্ডন কাপ। লন্ডনে যাওয়ার আগে বুধবার ডার্বিশায়ারের বিপক্ষে একটি ম্যাচে দেখা যেতে পারে তাকে।
বিশ্ব একাদশে বাংলাদেশও থাকছে। ‘ব্যক্তিগত’ কারণে সাকিব আল হাসান সরে দাঁড়ালেও খেলবেন তামিম ইকবাল।
বিশ্ব একাদশ: এউইন মরগান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, তামিম ইকবাল, দিনেশ কার্তিক, রশিদ খান, সন্দীপ লামিচানে, মিচেল ম্যাকক্লেনাঘান, শোয়েব মালিক, থিসারা পেরেরা, লুক রঙ্কি, আদিল রশিদ ও মোহাম্মদ সামি। ক্রিকইনফো