সীমিত ওভার ক্রিকেটে এখন সবচেয়ে শক্তিধর দল হিসেবে বিবেচনা করা হয় ইংল্যান্ডকে। যার প্রমাণ তারা দিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-০তে জিতে। ৫০ ওভারের সিরিজ শেষে কুড়ি ওভারের ম্যাচেও দাপট দেখালো ইংলিশরা। অস্ট্রেলিয়ান বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ২২১ রান। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ২ বল আগেই অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ১৯৩ রানে।
ব্যাটে বসন্ত চলা জস বাটলার আবারও জ্বলে উঠেছিলেন। ইংলিশ এই উইকেটরক্ষক ওপেনিংয়ে নেমে মাত্র ৩০ বলে ৬ চার ও ৫ ছক্কায় খেলেন ৬১ রানের ঝড়ো ইনিংস। আরেক ওপেনার জেসন রয় ২৬ বলে করেন ৪৪ রান। তাদের এই উড়ন্ত শুরু কাজে লাগিয়ে অ্যালেক্স হেলস ২৪ বলে ৪৯ ও জো রুট ২৪ বলে করেন ৩৫ রান। যাতে ২২১ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।
কঠিন লক্ষ্যে খেলতে নেমে একা হাতে লড়ে গেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ান ওপেনার ৪১ বলে ৭ চার ও ৬ ছক্কায় খেলেন ৮৪ রানের অসাধারণ এক ইনিংস। তার ব্যাটে অস্ট্রেলিয়া জয়ের স্বপ্ন দেখলেও অন্য ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতার পর শেষ দিকে অ্যাস্টন অ্যাগার ২৩ বলে ২৯ ও অ্যান্ড্রু টাই করেন ১১ বলে ২০ রান।
অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে ৪ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট নেন আদিল রশিদ। দুর্দান্ত এই পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই স্পিনার। ক্রিকইনফো