আমরা তিন বিভাগেই ব্যর্থ: সাকিব

অ্যান্টিগা টেস্টের কথা ভুলে যেতে চাইবেন সাকিবএমন অসহায় আত্মসমর্পণ খুব দুঃখজনক! অ্যান্টিগা টেস্টে চরম ব্যর্থ বাংলাদেশ। তৃতীয় দিন লাঞ্চের আগেই ইনিংস ও ২১৯ রানে হেরে অধিনায়ক সাকিব আল হাসান ভীষণ হতাশ। খেলা শেষে সংবাদ মাধ্যমকে তিনি অকপটে জানালেন, তিন বিভাগেই ব্যর্থ হয়েছেন তারা।

প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অলআউট হওয়ার পরই বোঝা যাচ্ছিল, প্রথম টেস্টে সাকিব-তামিমদের কোনও আশা নেই। নুরুল হাসান (৬৪) লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪৪ রানেই শেষ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র ইনিংস থেমেছে ৪০৬ রানে। ব্যাটিং-বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও ব্যর্থ লাল-সবুজ দল। বাংলাদেশের ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ মিস করে দলের বিপদই বাড়িয়েছেন।

এমন লজ্জাজনক পারফরম্যান্সের কোনও ব্যাখ্যা নেই সাকিবের কাছে। তিন বিভাগেই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে তিনি বলেছেন, ‘অ্যান্টিগা টেস্টে আমরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন  বিভাগেই পিছিয়ে ছিলাম। আর তাই ম্যাচটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আমরা অবশ্য জানতাম, ম্যাচটা কঠিন হবে। আসলে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন বিভাগেই হেরে গেছি আমরা।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে মিরপুরে গ্র্যানাইট স্ল্যাবের ওপর ব্যাটিং অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা। কিন্তু প্রথম টেস্টে সেই প্রস্তুতির সুফল দেখা যায়নি। ব্যর্থতার জন্য বিরূপ কন্ডিশনকেও দায়ী করলেন সাকিব, ‘আমাদের জানা ছিল এই কন্ডিশনে কঠিন সংগ্রাম করতে হবে। জানতাম এখানে মানিয়ে নেওয়া সহজ হবে না।’

অ্যান্টিগার ব্যর্থতা ভুলে সাকিব এখন তাকিয়ে ১২ জুলাই জ্যামাইকায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দিকে, ‘পরের টেস্ট শুরু হতে পাঁচ দিন বাকি। এই দিনগুলো ভালোভাবে কাজে লাগাতে হবে, মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে আমাদের।’