অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার ৬ মাস পর গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে সীমিত ওভারের নেতৃত্ব পান ম্যাথুজ। কিন্তু তার ইনজুরির কারণে দুই সপ্তাহের মধ্যে আবারও নতুন অধিনায়ক নির্বাচিত করতে হয় শ্রীলঙ্কা ক্রিকেটকে। তখন থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন ম্যাথুজ। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন তিনি।
ডানহাতি এই অলরাউন্ডার না থাকার সময় শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া দিনেশ চান্ডিমাল ‘আচরণবিধি ভঙ্গ’ করায় চার ওয়ানডেতে নিষিদ্ধ হয়েছেন, জায়গা হয়নি স্ট্যান্ডবাইদের মধ্যেও।
সবশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচের বাইরে থাকা ৬ জন প্রোটিয়াদের বিপক্ষে এই সিরিজে ডাক পেয়েছেন। ফাস্ট বোলার দুষ্মন্ত চামীরা ও অলরাউন্ডার আসেলা গুনারত্নে তাদের মধ্যে অন্যতম।
এই ওয়ানডে দলে নতুন মুখ মিডিয়াম পেসার কাসুন রাজিথা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুনে টেস্ট অভিষেক হয়েছিল তার। জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া।
শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দাসুন শানাকা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, নিরোশান ডিকবেলা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, কাসুন রাজিথা, আকিলা ধনঞ্জয়া, প্রবাথ জয়াসুরিয়া, লাকশান সান্দাকান, শেহান জয়াসুরিয়া।
স্ট্যান্ডবাই: দিমুথ করুনারত্নে, ইসুরু উদানা, নিশান পেইরিস, জেফ্রি ভ্যান্ডারসে। ক্রিকইনফো