গুনাথিলাকাকে ম্যাথুসের তিরস্কার

অ্যাঞ্জেলো ম্যাথুসআচরণবিধি ভঙ্গ করায় আন্তর্জাতিক ক্রিকেটে ৬ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দানুস্কা গুনাথিলাকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বো টেস্টের ম্যাচ ফিও পাননি। এবার তিনি তিরস্কৃত হলেন শ্রীলঙ্কান ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছে।

কলম্বো টেস্টের দ্বিতীয় রাতে টিম হোটেলে ধর্ষণের সঙ্গে জড়িয়ে যায় গুনাথিলাকার নাম। পুলিশের তদন্তে তিনি সন্দেহের বাইরে থাকলেও মধ্যরাতে অতিথি এনে কারফিউ ভাঙার শাস্তি তাকে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। অথচ কলম্বো টেস্ট জয়ে দুই ইনিংসে হাফসেঞ্চুরি করেন এই ব্যাটসম্যান।

ম্যাথুস জানালেন, যে কেউ ভালো পারফরম্যান্স করলেও বিশৃঙ্খলার শাস্তি তাকে পেতেই হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে না পাওয়ার হতাশা লুকালেন না অধিনায়ক, ‘একজন খেলোয়াড়কে হারানো হতাশার। কিন্তু আমরা কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করবো না।’

এই শাস্তি থেকে অন্যদের শেখা উচিত বললেন ম্যাথুস, ‘কেউ যদি এমন ঝুঁকি নেয় তাহলে তার পরিণাম ভোগ করতেই হবে। তারা সেরা খেলোয়াড় হতে পারে, কিন্তু আমরা কোনও ধরনের বিশৃঙ্খলা সহ্য করবো না। দলের নিয়ম মেনে চলতেই হবে খেলোয়াড়দের। মাঠের বাইরের ঘটনাও আমরা আমলে নেই, কারণ এটা পুরো দল ও এর ভাবমূর্তির ওপর প্রভাব ফেলে। দলের ভাবমূর্তির ক্ষতি না করতে মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড়দের খুব সতর্ক থাকতে হবে।’ ক্রিকইনফো