বাংলাদেশের দুরন্ত সূচনা


278609বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা সফর শেষ হতে যাচ্ছে। তার আগে দারুণ এক সাফল্যের সুযোগ তাদের সামনে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি পাচ্ছেন সাকিব আল হাসানরা। এমন সুযোগ সামনে রেখে তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু হয়েছে তাদের। লিটন দাস ও তামিম ইকবালের উদ্বোধনী জুটিতে দ্রুততম ফিফটি পেয়েছে বাংলাদেশ। যদিও ২১ রানে ফিরে গেছেন তামিম। ৫ ওভারে ১ উইকেটে ৬৬ রান করেছে বাংলাদেশ।

প্রথম বলেই লিটন মারেন বাউন্ডারি, প্রথম ওভারে আসে ৮ রান। দ্বিতীয় ওভারে বাংলাদেশের এই ওপেনার দুটি ছয় ও একটি চারে যোগ করেন ১৭ রান। চার-ছয়ের মার ছিল তামিমের ব্যাটেও। দুজন সমানতালে ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও হয়েছেন। মাত্র ৩.৪ ওভারে ফিফটি করে বাংলাদেশ, যেটা তাদের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। ওই ওভারে আসে ১৯ রান। পঞ্চম ওভারের চতুর্থ বলে তামিম ১৩ বলে ২১ রান করে কার্লোস ব্র্যাথওয়েটের শিকার হন। কেসরিক উইলিয়ামস তার ক্যাচ নেন।  

বাংলাদেশের একাদশে কোনও পরিবর্তন নেই। ওয়েস্ট ইন্ডিজের একাদশে ঢুকেছেন চ্যাডউইক ওয়ালটন, জায়গা হারিয়েছেন এভিন লুইস।

টেস্টে একপেশে হারে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশে। তবে ওয়ানডেতে দুর্দান্ত জয়ে শুরু হয়েছিল তাদের। যদিও দ্বিতীয় ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে হেরে যায় তারা। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের হারিয়ে ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পান তামিম-সাকিবরা।

টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ওই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। হেরে যায় তারা বড় ব্যবধানে। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হেরে শুরু করলেও থমকে যায়নি তারা। ফ্লোরিডার লডারহিলে ১২ রানের দারুণ এক জয়ে সিরিজে সমতায় ফিরেছে তারা। ২৪ ঘণ্টা পর আবারও একই ভেন্যুতে মুখোমুখি দুই দল। এবারও সিরিজ কার, সেই লড়াই। এমন সুযোগে উজ্জীবিত টানা ৫ ম্যাচ হারের পর টি-টোয়েন্টিতে প্রথম জয় পাওয়া বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক, নাজমুল ইসলাম, আবু হায়দার, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, চ্যাডউইক ওয়ালটন, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কিমো পল, কেসরিক উইলিয়ামস।