ফিক্সিংয়ের ‘রহস্যময়’ চরিত্রের হদিস পাচ্ছে না আইসিসি

অনিল মুনাওয়ারফিক্সিং নিয়ে আল জাজিরার করা প্রামাণ্যচিত্রের তদন্তে নেমে বিপাকে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রামাণ্য চিত্রে দেখানো হয়েছিল আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির কথিত সদস্য অনিল মুনাওয়ারকে। রহস্যময় এই চরিত্রের কোনও হদিস খুঁজে পায়নি আইসিসি। তাই সংস্থাটি তাকে খুঁজে বের করতে আবেদন জানিয়েছে বিজ্ঞপ্তিতে।   

আইসিসি তদন্তের স্বার্থে প্রামাণ্যচিত্র সংশ্লিষ্ট সকলের পরিচিয় বের করলেও রহস্য হয়ে আছেন কেবল অনিল মুনাওয়ার। বাকিদের সঙ্গে কথা বলা সম্ভব হলেও মুনাওয়ারের কোনও তথ্যই হাতে পায়নি তারা। অথচ আল জাজিরা জানিয়েছে দ্বিতীয় পর্বের প্রামাণ্য চিত্রে এই রহস্যময় চরিত্রকেই দেখা যাবে কেন্দ্রীয় ভূমিকায়!

তাই এই অনিল মুনাওয়ারকে খুঁজতে আবেদন জানিয়েছেন আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুর জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল, ‘মূল প্রামাণ্য চিত্রে দেখানো সবাইকেই আমরা বের করতে পেরেছি। এমনকি ফিক্সিংয়ের সঙ্গে যোগাযোগ থাকায় তাদের সঙ্গে কথা হয়েছে। তবে অনিল মুনাওয়ার এখনও রহস্য হয়ে আছেন। ওই অনুষ্ঠানে তাকেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। তার পরিচয় ও অবস্থান সম্পর্কে নিরাপত্তা সংস্থা ও ইমিগ্রেশন সোর্সের কাছ থেকে কিছুই জানা যায়নি।’

এই অবস্থায় জনসাধারণ ও ক্রিকেট সংশ্লিষ্ট সবার কাছে তার পরিচিতি ও অবস্থান জানিয়ে সহযোগিতা করতে আবেদন জানিয়েছে আইসিসি। পুলিশি তদন্তেও এমন আহ্বান করা হয়ে থাকে। সেই পথে হাঁটারই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইসিসি আরও জানিয়েছে পুরো তদন্ত শেষেই বিস্তারিত কিছু জানাতে পারবে।