বুধবার বিকেলে অনুশীলনের সময় বাঁ হাতের তর্জনিতে চোট পান নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি ব্যাটসম্যানকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তামিম ইকবালের কুঁচকিতে সমস্যা, আর সাকিব আল হাসানকে এশিয়া কাপের পর অস্ত্রোপচার করাতে হবে আঙুলে। এত ইনজুরি সমস্যার কারণে ঝুঁকি না নিয়ে দলে নেওয়া হয়েছে মুমিনুলকে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুমিনুলকে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘শান্ত চোট পেয়েছে, তামিমেরও চোট সমস্যা আছে, তাই মুমিনুল যাচ্ছে দলের সঙ্গে।’
গত মাসে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স ছিল মুমিনুলের। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার ইনিংসে ২৯৭ রান করেন তিনি। এর মধ্যে ছিল ১৩৩ বলে ১৮২ রানের এক দুর্দান্ত ইনিংস।
এশিয়া কাপে অংশ নিতে ৯ সেপ্টেম্বর আরব আমিরাতের পথে রওনা হবে বাংলাদেশ দল। ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের তৃতীয় দল আফগানিস্তান। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও হংকং।
১৬ সদস্যের বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও মুমিনুল হক।