শাস্তি পেলেন অ্যান্ডারসন

অ্যান্ডারসনের আচরণে মোটেও খুশি হননি ধর্মসেনামাঠের আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় শাস্তি পেলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে, জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ।

বিরাট কোহলির বিরুদ্ধে এলবিডাব্লিউর আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর ‍আম্পায়ার কুমার ধর্মসেনার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অ্যান্ডারসন। ওভাল টেস্টে এই ঘটনা ভারতের ইনিংসের ২৯তম ওভারে।

১৬ রানে কোহলির প্যাডে বল লাগলে এলবিডাব্লিউর জোরালো আবেদন করেন অ্যান্ডারসন। কিন্তু ধর্মসেনা সাড়া দেননি। রিভিউ নেন স্বাগতিক অধিনায়ক জো রুট। আম্পায়ার্স কলে বেঁচে যান কোহলি।

ওই ওভার শেষে ধর্মসেনার কাছ থেকে ক্যাপ ও জাম্পার নেওয়ার সময় অ্যান্ডারসন তর্ক করেন। ‘আগ্রাসী ভঙ্গিতে’ আম্পায়ারের সঙ্গে কথা বলায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাকে শাস্তি দেন।

অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন অ্যান্ডারসন। তাই আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন নেই।

২০১৬ সালের সেপ্টেম্বরে সংশোধিত আইসিসির আচরণবিধি চালু হওয়ার পর এটাই ছিল অ্যান্ডারসনের প্রথম শাস্তি। ক্রিকইনফো