তরুণদের এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, পাকিস্তান ও হংকং। ‘এ’ গ্রুপে লড়াই করবে ভারত, নেপাল, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। স্বাগতিকরা দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ১ অক্টোবর। পরদিনই হংকংয়ের সঙ্গে লড়াই।
টুর্নামেন্টের ১৫টি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের দুই মাঠ জহুর আহমেদ চৌধুরী ও এমএ আজিজ স্টেডিয়াম এবং বিকেএসপিতে। ৪ ও ৫ অক্টোবর দুটি সেমিফাইনাল এবং ৭ অক্টোবর ফাইনালের ভেন্যু মিরপুর স্টেডিয়াম।
গত নভেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ যুব এশিয়া কাপে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে দুর্ভাগ্যজনকভাবে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ২ রানে হেরে যায় তরুণ ক্রিকেটাররা।