দুই রান আউটে এলোমেলো বাংলাদেশ
গুছিয়ে ওঠা বাংলাদেশ আবার এলোমেলো। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের রান আউটে চাপে পড়ে গেছে বাংলাদেশ। এই দুই রান আউটের আগে লিটন দাস ফিরে যাওয়ায় টাইগাররা হারায় ৫ উইকেট।
শুরুর ধাক্কার পর মুশফিকুর রহিম ও লিটন দাস বেশ গুছিয়ে নিয়েছিলেন দলকে। কিন্তু রশিদ খান বোলিংয়ে আসতেই পাল্টে যায় দৃশ্যপট। আগের বলে আফগান স্পিনারকে চার মেরে পরের বলটাতেই আবার ‘বিগ’ শট খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু ব্যাটের উপরের দিকে লেগে বল ভাসতে থাকে বাতাসে। সহজ ক্যাচটা নিতে কোনও অসুবিধাই হয়নি ইহসানউল্লাহর। যাওয়ার আগে ৪৩ বলে ৩ বাউন্ডারিতে লিটন করেন ৪১ রান।
লিটনের আউটের দুই বল পরই আবার ধাক্কা বাংলাদেশ শিবিরে। দুঃখজনক রান আউটে প্যাভিলিয়নে ফিরে যান সাকিব আল হাসান। মুশফিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সামিউল্লাহ শেনওয়ারির সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে গেলে শূন্য রানে ফেরেন সাকিব।
মুশফিকও একই ভুলের শিকার! চমৎকার ব্যাটিংয়ে আরও একটি বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। কিন্তু এই উইকেটরক্ষক ব্যাটসম্যানও শিকার রান আউটের। ইমরুল কায়েসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে মোহাম্মদ নবীর দেওয়া থ্রোতে স্টাম্প ভেঙে দেন বোলার রশিদ। তাতে ৩৩ রানে থামে মুশফিকের ইনিংস।
শুরুর ধাক্কায় ২ উইকেট নেই বাংলাদেশের
আবারও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ের সুযোগটা একেবারেই কাজে লাগাতে পারলেন না তিনি। আগের দুই ম্যাচের মতো শুরুতেই ফিরে গেছেন এই ব্যাটসম্যান। তার আউটের পরপরই মোহাম্মদ মিঠুন প্যাভিলিয়নে ফিরলে বাংলাদেশের নেই ২ উইকেট।
তামিম ইকবালের চোটে একাদশে জায়গা পেয়ে ওপেনিংয়ে নামার সুযোগ হয় শান্তর। কিন্তু তিন ম্যাচের একটিতেও কিছু করতে পারলেন না তিনি। ওপেনিং সমস্যার পরও তার ওপর আস্থা রেখেছিলেন টিম ম্যানেজমেন্ট। অথচ আফতাব আহমেদের বলে বিগ শট খেলতে গিয়ে মাত্র ৬ রানে শেষ হয়ে যায় তার ইনিংস।
শুরুর ওই ধাক্কা কাটিয়ে উঠবে কী বাংলাদেশ, উল্টো চাপ আরও বেশি করে তৈরি হয় মিঠুনের বিদায়ে। মুজিব উর রহমানের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। আউট হওয়ার আগে নামের পাশে যোগ করতে পারেন মাত্র ১ রান।
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ইমরুল-নাজমুল
আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবিতে এশিয়া কাপের সুপার ফোরের এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
নানামুখী চাপে বিধ্বস্ত বাংলাদেশ এই ম্যাচে নিজেদের উজাড় করে দিতে পারলেই কেবল জয় সম্ভব। যদিও কঠিন পরিস্থিতিতে পড়া যাওয়া বাংলাদেশ আফগানদের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। আগের দুই ম্যাচের ব্যাটিং বিপর্যয় থেকে মুক্তি পেতে টিম ম্যানেজমেন্ট দুই ওপেনারকে যোগ করেছে স্কোয়াডে। শনিবার রাতে দলের সঙ্গে যোগ দিলেও আফগানদের বিপক্ষে মাঠে নেমেছেন ইমরুল কায়েস।
মোসাদ্দেক হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন ইমরুল। পরিবর্তন আছে আরেকটি, পেসার রুবেল হোসেনের জায়গায় ওয়ানডে অভিষেক হয়েছে স্পিনার নাজমুল ইসলামের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, ইহসানউল্লাহ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, সামিউল্লাহ শেনওয়ারি, আসগর স্ট্যানিকজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।