পাকিস্তানকে মোস্তাফিজের জোড়া ধাক্কা

মোস্তাফিজ পাকিস্তানের দ্বিতীয় উইকেট নেনবোলিংয়ে দারুণ শুরু হলো বাংলাদেশের। মোস্তাফিজুর রহমান তার টানা ২ ওভারে দুটি উইকেট নিয়েছেন। এশিয়া কাপ সুপার ফোরের শেষ ম্যাচে মাত্র ১৮ রানে পাকিস্তানের ৩ উইকেট নেই। ৮ ওভারে পাকিস্তান করেছে ৩ উইকেটে ৩৪ রান।

প্রথম ওভারেই পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি স্পিনার তার পঞ্চম বলে মিড অনে ফখর জামানকে (১) রুবেল হোসেনের ক্যাচ বানান।

পরের ওভারে মোস্তাফিজ তার দ্বিতীয় বলে বাবর আজমকে (১) এলবিডাব্লিউ করেন। বাঁহাতি এই পেসার তার দ্বিতীয় ওভারে অফ কাটারে সরফরাজ আহমেদকে ১০ রানে মুশফিকুর রহিমের ক্যাচ বানান।

পাকিস্তানকে ২৪০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশকে উদ্ধার করলেও আক্ষেপ থেকে গেল মুশফিকুর রহিমের। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হলো না তার। সপ্তম সেঞ্চুরি থেকে হাতছোঁয়া দূরত্বে বিদায় নিলেও পাকিস্তানের বিপক্ষে লড়াই করার মতো স্কোর এনে দিয়েছেন তিনি। এশিয়া কাপ ফাইনালে ওঠার লড়াইয়ে সাবেক চ্যাম্পিয়নদের ২৪০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে ১২ রানে ৩ উইকেট হারালে মুশফিকের সঙ্গে মোহাম্মদ মিঠুনের একশ ছাড়ানো জুটিতে ২৩৯ রান করে বাংলাদেশ। মুশফিকের ৯৯ ও মিঠুনের ৬০ রানের ইনিংসই এই স্কোরের ভিত গড়ে দেয়। ৪৮.৫ ওভারে সব উইকেট হারায় বাংলাদেশ।

জুনাইদ খান ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার। দুটি করে নেন শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলী।