মেলবোর্নে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে সাকিব

মেলবোর্নের হাসপাতালে সাকিববাঁ হাতের কনিষ্ঠ আঙুলে অস্ত্রোপচারের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে সাকিব আল হাসান এখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সেখানে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। দেশের ক্রিকেট-ভক্তদের জন্য স্বস্তির খবর, অস্ত্রোপচারের প্রয়োজন না-ও হতে পারে সাকিবের।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সোমবার ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে সাকিবের আঙুল বিষয়ে চিকিৎসকের বক্তব্য জানা যাবে। সংক্রমণ থেকে সেরে উঠলেও ৬ মাসের আগে অস্ত্রোপচার করা যাবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য এ বিষয়ে কিছু জানাতে পারেননি। সাকিবের আঙুলের অবস্থা জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আপাতত আমার কাছে কোনও আপডেট নেই। অস্ট্রেলিয়ার ডাক্তারের রিপোর্ট পাওয়ার পর জানাতে পারবো।’

গত বৃহস্পতিবার রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাকিব। অস্ট্রেলিয়ার বিখ্যাত হ্যান্ড সার্জন গ্রেগ হয়ের পরামর্শ নিতে গেছেন তিনি। আগামী মঙ্গলবার তার দেশে ফেরার কথা।

সাকিবের আঙুলের এমন দুরবস্থা তোলপাড় ফেলে দিয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। এ বিষয়ে ফিজিও থিহান চন্দ্রমোহনের কোনও গাফিলতি আছে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত বিসিবি। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘একজন পেশাদার ফিজিও চাইবেন তার স্কোয়াডের সবাই সুস্থ থেকে পারফর্ম করুক। কিন্তু ইদানীং ক্রিকেটারদের ইনজুরি থেকে সেরে উঠতে বেশি সময় লাগছে। এ নিয়ে ক্রিকেট বোর্ড চিন্তিত। আশা করি, সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

শুধু সাকিব নয়, মাশরাফি-তামিম-মুশফিক সহ বেশ কয়েক জন ক্রিকেটার এশিয়া কাপ থেকে ইনজুরি নিয়ে ফিরেছেন। ইনজুরি সমস্যা নিয়েই ১৫ অক্টোবর শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি। ২১ অক্টোবর প্রথম ওয়ানডে হবে মিরপুরে। ২৪ ও ২৬ অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ৩ নভেম্বর। ১১ নভেম্বর থেকে মিরপুরে শুরু দ্বিতীয় টেস্ট।