বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ শুরু হয় শ্রীলঙ্কার। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একই পরিণতি বরণ করে প্রতিযোগিতাটির গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের। বিশাল এই ধাক্কায় এলোমেলো হয়ে পড়া লঙ্কান ক্রিকেটে স্বস্তি ফেরানোর বড় মঞ্চ ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ।
ডাম্বুলার প্রথম ওয়ানডেতে সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল স্বাগতিকরা। কিন্তু ঝুম বৃষ্টিতে খেলা হয়েছে পরিত্যক্ত। টস হেরে ব্যাটিংয়ে নামা ইংলিশরা ১৫ ওভারে ২ উইকেটে ৯২ রান করার পর নামে বৃষ্টি। পরে অবস্থার পরিবর্তন না হওয়ায় ম্যাচ রেফারি পরিত্যক্ত ঘোষণা করেন খেলা।
টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ওপেনিং জুটি থেকে পায় ৪৯ রান। বেয়ারস্টো আউট হন ২৪ রানে, আরেক ওপেনার জেসন রয় করেন ২৪ রান। আর বৃষ্টি নামার আগে জো রুট অপরাজিত ছিলেন ২৫ রানে এবং অধিনায়ক এউইন মরগান খেলছিলেন ১৪ রান নিয়ে।
ইংল্যান্ডের হারানো ২ উইকেটের একটি নিয়েছেন নুয়ান প্রদীপ, অন্যটি আকিলা ধনাঞ্জয়ার শিকার।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দল দুটি ডাম্বুলাতেই মুখোমুখি হবে শনিবার। ক্রিকইনফো