বিশ্রামের চিন্তা নেই মাশরাফির মনে

বাংলাদেশের অনুশীলনে কোচ স্টিভ রোডসের সঙ্গে মাশরাফিমাশরাফি মুর্তজার চোট প্রবণতার কথা সবারই জানা। দুই হাঁটুতে সাত-সাতটি অস্ত্রোপচারের ধকল সামলে খেলে চলেছেন তিনি, বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। বর্তমানে উরু আর কুঁচকিতে সমস্যা আছে তার। পুরোপুরি সেরে উঠতে পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। তবে জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার আগে বিশ্রামের কথা ভাবছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বাংলাদেশ-জিম্বাবুয়ে শেষ ওয়ানডে হবে আগামী শুক্রবার। নভেম্বরের মাঝামাঝি দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সঙ্গে ওয়ানডে সিরিজ অবশ্য শুরু হবে বেশ দেরিতে, ৯ ডিসেম্বর।

মাশরাফি এখন মাঝের সময়ের দিকে তাকিয়ে, ‘এই সিরিজের পর চার-পাঁচ সপ্তাহ বিরতি পাবো। স্ট্রেংথ আর ফিটনেস নিয়ে ঠিকমতো কাজ  করতে পারলে আশা করি ভালো হয়ে যাবো। এশিয়া কাপের সময় উরুতে বল লেগেছিল, গ্রোয়েনেও সমস্যা আছে। ফিজিও অবশ্য খুব ভালো ট্রিটমেন্ট করছেন। মোটামুটি ম্যানেজ করতে পারছি বলেই খেলছি।’

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের যশপ্রীত বুমরাহর বলে উরুতে আঘাত পান মাশরাফি। কুঁচকির সমস্যা তো ছিল আগেই। শরীরে ব্যথা নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ‘নড়াইল এক্সপ্রেস’ বল হাতে সুবিধা করতে পারেননি, ১০ ওভারে ৫৫ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য। তবে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামের কথা চিন্তাই করছেন না তিনি, ‘পুরো সেরে উঠতে আমার একটু সময় দরকার। এই সিরিজের আগে তিন সপ্তাহ অনুশীলন করতে পারিনি। ট্রিটমেন্ট দরকার, হয়তো বিরতি নিতে পারতাম। কিন্তু এখন আমি শুধু একটা ফরম্যাটে খেলি, তাই বিশ্রামের কথা ভাবছি না।’