বোলারদের নৈপুণ্যে বরিশালকে হারাল রংপুর

শুভাশীষ রায় ম্যাচসেরারংপুরের বিপক্ষে শেষ দিন জিততে ১৫৯ রান দরকার ছিল বরিশালের, হাতে ছিল ৭ উইকেট। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম স্তরের এই ম্যাচে জয়ের পাল্লা ভারী ছিল তাদের দিকেই। কিন্তু রংপুর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে বিস্ময়কর হার মানল বরিশাল।

বৃহস্পতিবার ক্রিকেট গার্ডেনে বরিশালকে ৫ রানে হারিয়েছে স্বাগতিক রংপুর। ২৩০ রানের লক্ষ্য তারা দিয়েছিল প্রতিপক্ষকে। বরিশাল শেষ দিন খেলতে নামে ৩ উইকেটে ৭১ রানে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ২২৪ রানে অলআউট হয় তারা।

দ্বিতীয় ওভারেই দিনের প্রথম উইকেট হারায় বরিশাল। শুভাশীষ রায় ফেরান শামসুল আলমকে (৯)। আল আমিন ও মোসাদ্দেক হোসেনের জুটিতে এই ক্ষত দ্রুত সারিয়ে তোলে তারা। তবে ৫২ রানে আল আমিনকে রান আউট করে তানভীর হায়দার বরিশালকে অস্বস্তিতে ফেলেন।

৪৩ রানে এ জুটি ভাঙার পর বরিশাল বিপর্যয়ের মুখোমুখি হয়। ১৬৯ রানের মধ্যে ৮ উইকেট হারায় তারা। ক্রিজে থিতু হওয়া মোসাদ্দেক হোসেন (২৯) ও সোহাগ গাজী (১৯) বিদায় নিলেও নুরুজ্জামান ও তানভীর ইসলামের জুটিতে আবার জয়ের সম্ভাবনা জাগায় বরিশাল।

কিন্তু লক্ষ্য থেকে ৭ রান দূরে থাকতে এই জুটি ভেঙে দুর্দান্ত ব্রেকথ্রু আনেন সানজিত সাহা। শেষ জুটিতে আর মাত্র একটি রান যোগ করে আউট হন নুরুজ্জামানও। রবিউল হক তাকে ৪৬ রানে বদলি ফিল্ডার ফারদিন হাসানের ক্যাচ বানান।

রবিউল ইনিংস সেরা বোলিং পারফরম্যান্স করেছেন। ৪ উইকেট নেন তিনি। দুটি করে পান শুভাশীষ ও সানজিত। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শুভাশীষ।