টেস্ট দলে চার নতুন মুখ

জাতীয় লিগের পারফরম্যান্সের পুরস্কার পেলেন খালেদ আহমেদঢাকা মেট্রোর বিপক্ষে ৩ রানের নাটকীয় জয়ে দারুণ অবদান রেখেছেন খালেদ আহমেদ। বৃহস্পতিবার দলের জয়ের সঙ্গে আরেকটি আনন্দ যোগ হলো তার ক্যারিয়ারে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন এই পেসার। তার সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম ও আরিফুল হক।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রানের বন্যা বইয়ে দেওয়া তুষার ইমরান জায়গা পাননি টেস্ট স্কোয়াডে। গত কিছুদিন ধরে আলোচনায় থাকলেও নির্বাচকরা আরও একবার উপেক্ষা করলেন তুষারকে। অথচ সাকিব আল হাসান ও তামিম ইকবালবিহীন ব্যাটিং লাইন-আপে তুষারের থাকার জোর আলোচনা ছিল, কিন্তু বৃহস্পতিবার ঘোষিত দলে জায়গা হয়নি এই ব্যাটসম্যানের।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটের কারণে মাঠের বাইরে। বাংলাদেশের টেস্ট অধিনায়কত্বে যে বদল আসছে, সেটা নিশ্চিতই ছিল। একই সঙ্গে অধিনায়কের দায়িত্বে মাহমুদউল্লাহর থাকাটাও জানা ছিল একরকম। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহকে অধিনায়ক করেই ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের টেস্ট দল।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে বল হাতে জাদু দেখিয়েছেন খালেদ। সিলেট বিভাগের এই পেসার ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ৫ উইকেট, যাতে সিলেট পেয়েছে নাটকীয় জয়। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়ায় ম্যাচে তার শিকার ১০ উইকেট। তারই পুরস্কার হিসেবে বাংলাদেশ দলে প্রথমবার ডাক পেলেন খালেদ।

জাতীয় ক্রিকেট লিগের পারফরম্যান্সে সুযোগ মিলেছে শফিউল ইসলামেরও। রাজশাহী বিভাগের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেছেন এই পেসার।

মিঠুন ও নাজমুল ইতিমধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছেন। আরিফুলও সীমিত ওভারে বিবেচনায় আছেন। তবে খালেদের জন্য এই সিরিজ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার শুরু মঞ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম, তামিম ও সাকিব। তামিম ও সাকিবের বাদ পড়ার কারণ ইনজুরি।

দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা, সেই কথা বিবেচনা করে আমরা সেরা স্কোয়াড ঘোষণা করেছি। এখানে আমাদের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শেষ টেস্ট সিরিজে আমরা ভালো করতে পারিনি। ওটা মাথায় রেখেই আমরা এগোচ্ছি। আশা করি এই সিরিজটা আমরা ভালো করতে পারব।’

প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার খালেদ। ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ৪৮। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণার আগে রাজশাহীতে বল হাতে আগুন ঝরেছিলেন তিনি। তরুণ এই পেসার সম্পর্কে প্রধান নির্বাচক বলেছেন, ‘খালেদ আমাদের এইচপির খেলোয়াড়। আমরা ওকে এইচপিতে নার্সিং করেছি। এখন যত বোলার আমাদের এইচপিতে আছে, তার মধ্যে ওর গতিটা একটু বেশি। তাকে নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’

সীমিত ওভারের দলে আরিফুল প্রায় নিয়মিত থাকলেও মাঠে নামার সুযোগ পাচ্ছেন না। এই অবস্থাতেই টেস্ট দলে সুযোগ পেলেন তিনি। চলতি জাতীয় লিগের প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি করে টেস্ট স্কোয়াডে সুযোগের দাবিটা জোরালো করেন এই ব্যাটিং অলরাউন্ডার।

নাজমুল ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৪৪টি। মোহাম্মদ মিঠুনের ৮৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৫.৫৯ গড়ে রান ৪ হাজার ৭৭০। যাতে ১২ সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি আছে ২৪টি।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৩ নভেম্বর থেকে। এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায়, ১১ নভেম্বর থেকে।

স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ, নাজমুল ইসলাম।