বাংলাদেশ কোচের দৃষ্টিতে ‘তিন অধিনায়ক’

3 captainবাংলাদেশের ক্রিকেটে এখন দুই অধিনায়ক। ওয়ানডের দায়িত্বে আছেন মাশরাফি বিন মুর্তজা, আর টেস্ট ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। যদিও সাকিবের চোটে মাহমুদউল্লাহকেও অধিনায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজও টাইগাররা খেলবে তার নেতৃত্বে। অধিনায়ক মাহমুদউল্লাহকে দেখতে মুখিয়ে আছেন প্রধান কোচ স্টিভ রোডস।   

শনিবার থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সাকিবের ইনজুরিতে এই সিরিজে অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে ‘তিন অধিনায়ককে’ মূল্যায়ন করেছেন প্রধান কোচ স্টিভ রোডস।

মাশরাফির নেতৃত্বে ওয়ানডেতে এখন দুর্দান্ত দল বাংলাদেশ। চলতি বছর ১৭ ওয়ানডের ১১টি ম্যাচই জিতেছে টাইগাররা। ৬৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে মাশরাফি জয় পেয়েছেন ৩৮ ম্যাচে। টেস্টে এক ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় নিয়ে ছেড়েছিলেন মাঠ। অন্যদিকে ২৮ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে ১০টিতে জয় তুলে নিয়ে এই ফরম্যারটের সেরা সাফল্যটাও তারই দখলে।

মাশরাফি প্রসঙ্গে স্টিভ রোডস বলেছেন, ‘কাজ করার জন্য ম্যাশ (মাশরাফি) দারুণ একজন মানুষ। সে সাকিবের থেকে একটু ভিন্ন, সে ভালো লাগা ও গর্বের জন্য খেলে। সাকিবও সেটি করে, তবে ম্যাশ সেটি প্রকাশ করতে পারে।’ সঙ্গে যোগ করেছেন, ‘সে ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারে।  মাশরাফি এককথায় একজন যোদ্ধা এবং দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। আমি মাশরাফির সঙ্গে কাজ করাটা দারুণভাবে উপভোগ করছি।’

মাশরাফির পর অধিনায়ক হিসেবে দ্বিতীয় সেরা সাকিব। অধিনায়ক হিসেবে সেরা সাফল্য তার ৫০ ওভারের ক্রিকেটে। ৫০ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া সাকিব জয় পেয়েছেন ২৩ ম্যাচে। কুড়ি ওভারের ক্রিকেটে অবশ্য সাফল্য খানিকটা কমই। ১৪ ম্যাচে মাত্র তিনটিতে জয় এসেছে তার নেতৃত্বে। অন্যদিকে ১১ টেস্টে এখন পর্যন্ত জয় মাত্র একটিতে। তবুও সাকিবকে ট্যাকটিক্যালি সবচেয়ে এগিয়ে রাখছেন বাংলাদেশের প্রধান কোচ, ‘এখন পর্যন্ত কাজ করার ক্ষেত্রে সাকিবকে আমি সব থেকে বেশি যোগ্য হিসেবে খুঁজে পেয়েছি। আমি এর আগেও অনেক অধিনায়কের সঙ্গে কাজ করেছি, তবে সাকিব হলো সব থেকে সেরা ট্যাকটিক্যাল অধিনায়ক।’

সাকিবের ইনজুরিতে গত কয়েক সিরিজে অধিনায়কের দায়িত্ব পড়েছে মাহমুদউল্লাহ কাঁধে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে দায়িত্ব পালন করে একটি ম্যাচে হার ঠেকান মাহমুদউল্লাহ। এর বাইরে ৫ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করে সাফল্য পেয়েছেন এক ম্যাচে। মাঝে ওয়েস্ট ইন্ডিজ সফর বিরতি দিয়ে শনিবার আবারও তার নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ।

নতুন অধিনায়ক নিয়ে স্টিভ রোডসের ভাবনা, ‘রিয়াদ (মাহমুদউল্লাহ) নতুন অধিনায়ক হয়েছে। তার সম্পর্কে খুব বেশি বলতে না পারলেও শুরুর দিকে আমরা কয়েকটি ছোট মিটিং করেছিলাম দল নির্বাচনের ব্যাপারে। তার সঙ্গে আমার আবারও বসতে হবে। তার নেতৃত্ব দেখতে আমিও মুখিয়ে আছি।’