‘মাঠে তো তোকে খুঁজেই পাই না’

সংবাদ সম্মেলনে রাহীতিনি নিজে সিলেটের মানুষ, তার ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যের জনপদটি। আন্তর্জাতিক ক্রিকেটে আবু জায়েদ রাহীর অভিষেক গত ফেব্রুয়ারিতে, সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। সিলেটের অভিষেক টেস্টে তার কাঁধেই বাংলাদেশের পেস আক্রমণের দায়িত্ব। অথচ এমন ঐতিহাসিক দিনে তার পাশে পরিবারের কেউ নেই! প্রথম টেস্টের প্রথম দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাহীর পরিবারের কোনও সদস্য ছিলেন না। এমনকি তার মা-ও আসেননি মাঠে।

কেন আসেননি? সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতে রাহী জানালেন, “বিপিএলের সময় আম্মু মাঠে এসেছিলেন। তখনই তিনি বলেছিলেন, ‘মাঠে তো তোকে খুঁজেই পাই না। এরপর আর মাঠে বসে না, টিভিতে তোর খেলা দেখবো। এত ঝামেলা করতে পারবো না।’ তাই মা আসেননি মাঠে। বাসা থেকে অন্য কেউও আসেনি।”

বড় ভাইকে মিষ্টি খাওয়াচ্ছেন রাহী, পাশে তার মাতিনি এখন ‘লোকাল হিরো’, সিলেটের মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। খ্যাতির বিড়ম্বনাও সইতে হয় মাঝে মাঝে, যে কেউ অনুরোধ করে টিকিটের জন্য। এবার অবশ্য সেই ‘যন্ত্রণা’র সামনে পড়তে হয়নি রাহীকে, ‘এবার টিকিটের জন্য কেউ অনুরোধ করেনি। বিপিএলের গত আসরের পর সবাইকে বলেছিলাম যে আমি এখানে খেলতে এসেছি, কাউকে টিকিট দিতে নয়। আমি কয়েকটা মাত্র টিকিট পাই। তাই এবার কেউ টিকিট চায়নি।’

ভক্তদের ভালোবাসায় আপ্লুত হলেও সিলেটে একা থাকতেই ভালো লাগে তরুণ ডানহাতি পেসারের, ‘মাঝে মাঝে মনে হয় ফ্যান থাকলে ভালোই হয়। কিন্তু সিলেটে ঘুরতে বের হলে মনে হয় ফ্যান না থাকাই ভালো।’