প্রথম টেস্ট ৯ উইকেটে হারলেও আমিনুল ইসলাম বুলবুলের দুর্দান্ত সেঞ্চুরি বিশাল প্রাপ্তি ছিল বাংলাদেশের জন্য। হাবিবুল বাশার সুমনের আক্রমণাত্মক ফিফটি আর অধিনায়ক দুর্জয়ের ৬ উইকেট শিকারও দারুণ আনন্দ দিয়েছিল দেশের মানুষকে।
তবে দেড় যুগের হিসেব করতে বসলে হতাশই হওয়ার কথা ক্রিকেটপ্রেমীদের। রবিবার ১১০তম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আগের ১০৯টি টেস্টের ৮৩টিই দিয়েছে পরাজয়ের লজ্জা। ১৬টি ড্র, আর জয়ের আনন্দে মেতে ওঠা মাত্র ১০বার।
এমন হতাশার সামনে দাঁড়িয়েও গর্বিত আকরাম খান। অভিষেক টেস্টের দুই ইনিংসে ৩৫ ও ২ রান করা আকরাম বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আজ আমাদের টেস্ট অভিষেকের ১৮ বছর পূর্ণ হলো। এটা খুবই গর্বের ব্যাপার। ক্রিকেট সারা বিশ্বে আমাদের পরিচিতি এনে দিয়েছে। বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে আমাদের ক্রিকেটাররা এখন পাল্লা দিয়ে লড়াই করছে। এটা দেখাও তৃপ্তিদায়ক। শুধু পারফরম্যান্সের জন্য আমরা টেস্ট স্ট্যাটাস পাইনি। ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসাও আমাদের টেস্ট স্ট্যাটাস এনে দিয়েছে।’
অভিষেক টেস্টে ৩ উইকেট শিকারের পাশাপাশি ২৬ রান (২২+৪) করা রফিক অবশ্য এতটা আশাবাদী নন। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘যতটা এগোনোর কথা ছিল, আমরা ততটা এগোতে পারিনি। এখনও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে ভুগতে হয় আমাদের। টেস্ট ক্রিকেটে আরও মনোযোগ দিতে হবে। এভাবে টেস্ট ক্রিকেট হয় না।’
অভিষেক টেস্টে কোচের দায়িত্বে থাকা সারোয়ার ইমরানের বিশ্বাস, অবহেলিত ঘরোয়া ক্রিকেটই এগোতে দিচ্ছে না বাংলাদেশকে, ‘জাতীয় দলের খেলোয়াড়দের ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেটে খেলা নিশ্চিত করতে হবে। পাশাপাশি উইকেটও তৈরি করতে হবে ভালো মানের। ঘরোয়া ক্রিকেটে খেলেই সবাই যেন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে পারে, সেদিকে মনোযোগ দিতে হবে।’