১৬ বলে ৭৪ করে শাহজাদের ইতিহাস

ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন মোহাম্মদ শাহজাদএ যেন কোনও হাইলাইটস! প্রতিটি বলই উড়ে কিংবা গড়িয়ে হচ্ছে সীমানাছাড়া। ডাগ আউটে থাকা সতীর্থ খেলোয়াড়ের সঙ্গে গ্যালারির দর্শকদের করতালি থামছিলই না। আম্পায়াররাও হয়তো ক্লান্ত হয়ে পড়েছিলেন। তা হবেনই বা না কেন, মোহাম্মদ শাহজাদের খেলা প্রতিটি বলেই চার-ছক্কায় সংকেত দিতে হচ্ছিল যে তাদের!

সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগে ব্যাট হাতে টর্নেডো তুলেছিলেন আফগান উইকেটরক্ষক। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়ে মাত্র ১৬ বলে করেছেন অবিশ্বাস্য ৭৪* রান! হার না মানা ইনিংসে ৮ ছক্কার সঙ্গে বাউন্ডারি মেরেছেন তিনি ৬টি। এর মানে হলো, মুখোমুখি হওয়া ১৬ বলের ১৪টিতেই ছিল চার-ছক্কার মার।

শারজায় শাহজাদের তাণ্ডবে তার দল রাজপুতস ১০ উইকেটে জিতেছে সিন্ধিসের বিপক্ষে। এখানেও চোখ কপালে উঠবে আপনার। ১০ ওভারে ৬ উইকেটে সিন্ধিসের করা ৯৪ রান মাত্র ৪ ওভারেই টপকে যায় রাজপুতস। ১০ উইকেটের জয়ে রাজপুতস ২৪ বলে করেছে ৯৬ রান!

যেনতেন বোলারের বিপক্ষে ঝড় তোলেননি শাহজাদ। টি-টেন ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া আফগান ব্যাটসম্যান তাণ্ডব চালিয়েছেন জোফরা আর্চার, থিসারা পেরেরা, মোহাম্মদ নওয়াজ ও ফাওয়াদ আহমেদের ওপর। শাহজাদের সামনে প্রত্যেক বোলার খরচ করেছেন ২০-এর উপরে রান।

শাহজাদের ব্যাটিং অন্যপ্রান্ত থেকে উপভোগ করা রাজপুতস অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ৮ বলে অপরাজিত ছিলেন ২১ রানে।

এর আগে অধিনায়ক শেন ওয়াটসনের ২০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে ভর করে সিন্ধিস নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছিল ৯৪ রান। কঠিন এই লক্ষ্য শাহজাদের অতিমানবীয় ইনিংসে অবলীলায় টপকে যায় রাজপুতস।