আইসিসির ‘কোড অব কন্ডাক্ট’ ভাঙায় ২ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন গ্যাব্রিয়েল। আগে থেকেই নামের সঙ্গে যোগ থাকা ৩ পয়েন্ট মিলিয়ে ক্যারিবিয়ান পেসারের ডিমেরিট পয়েন্ট হয়েছে ৫। আইসিসির নিয়ম, কোনও খেলোয়াড় ২৪ মাসের মধ্যে ৪ পয়েন্ট পেলে এক টেস্ট, দুই ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি নিষিদ্ধ হবেন। সেখানে গ্যাব্রিয়েলের পয়েন্ট ৫ হওয়ায় সামনে থাকা মিরপুর টেস্টে নিষিদ্ধ হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
ইমরুল কায়েসকে ‘ধাক্কা দেওয়া’ ও ‘অশোভন কথা’ বলায় গ্যাব্রিয়েলকে ২ ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। ঘটনাটা চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে অষ্টম ওভারে ইমরুল কায়েসের কাঁধে ধাক্কা মারেন গ্যাব্রিয়েল। এই ঘটনায় আম্পায়ার আলিম দারের কাছ থেকে সতর্কবার্তা পাওয়া গ্যাব্রিয়েল তার নিজের পরের ওভারে আবারও ইমরুলের কাঁধে মারেন ধাক্কা। সঙ্গে তাদের মধ্যে হয় উত্তপ্ত বাদানুবাদ।
ওই ঘটনায় ক্যারিবিয়ান পেসারকে ২ ডিমেরিট পয়েন্টের সঙ্গে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে ক্যারিবিয়ান পেসার দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির আর দরকার পড়েনি।