‘আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলে কিছু নেই’

সংবাদ সম্মেলনেও সপ্রতিভ নাঈম হাসানক্রিকেটের প্রতি তার ভালোবাসা একদম ছোট্টবেলা থেকে। মাত্র পাঁচ বছর বয়সে বাবার কাঁধে চড়ে ক্রিকেট ম্যাচ দেখতে যেতেন তিনি। নিজ শহর চট্টগ্রামের ক্রিকেট তারকা তামিম-আফতাবদের খেলা দেখে বড় হয়ে ওঠা নাঈম হাসান অভিষেক টেস্টেই গড়েছেন দুর্দান্ত কীর্তি। অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নিয়ে ক্যারিবীয়দের গুঁড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনেও যথেষ্ট সপ্রতিভ এই অফস্পিনার।

প্রশ্ন: দ্বিতীয় দিন শেষে ১৩৩ রানে এগিয়ে বাংলাদেশ, হাতে আছে ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজকে কত রানের লক্ষ্য দেওয়া সম্ভব?

নাঈম: কাল আমরা যতক্ষণ সম্ভব ব্যাট করবো। ভালো খেলতে পারলে ৩০০ থেকে ৩৫০ রানও করতে পারি। স্কোর বড় হলে আমাদের বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। বল টার্ন করছে, আর আমাদের দলে ভালো স্পিনারও আছে। আশা করি, ম্যাচটা জিততে সমস্যা হবে না।

প্রশ্ন: বাংলাদেশ কত রানের টার্গেট দিলে ওদের পক্ষে জেতা কঠিন হবে?

নাঈম: আমরা ভালো জায়গায় বল করতে পারলে ১৫০ রানও ওদের জন্য কঠিন টার্গেট।  

আরেকটি উইকেট, নাঈমকে সতীর্থদের অভিনন্দনপ্রশ্ন: অভিষেকেই বাজিমাত করার কথা ভেবেছিলেন?

নাঈম: ভাবতেই পারিনি এমন কিছু করবো। নরমালি যেমন খেলি, যেভাবে বল করি সেভাবেই করেছি। আমার কিন্তু ৫ উইকেট/১০ উইকেট নেওয়ার কোনও লক্ষ্য ছিল না। আমি শুধু চেষ্টা করেছি প্রসেসটা মেনটেইন করার।

প্রশ্ন: টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচে এমন টার্নিং উইকেট। এটাকে কীভাবে দেখছেন?

নাঈম: উইকেটে বল ঘুরছে। আর এই সুবিধা কাজে লাগিয়েই বল করেছি।

প্রশ্ন: আগের দিন ভালো ব্যাট করলেন, আর আজ দারুণ বল করলেন। ব্যাটিং না বোলিং কোনটা বেশি উপভোগ করেন?

নাঈম: যখন ব্যাট হাতে নামি তখন ভালো ব্যাটিংয়ের দায়িত্ব থাকে। আবার বোলিংয়ের সময় ভালো বল করার দায়িত্ব। দুটোই সমান উপভোগ করি।

প্রশ্ন: আজকে ৫ উইকেটের মধ্যে কোনটা নিয়ে সবচেয়ে ভালো লেগেছে?

নাঈম: পঞ্চম উইকেটটি,  যেটাতে ওয়ারিকানকে বোল্ড করেছি।

অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নিয়েছেন নাঈমপ্রশ্ন: এখন কি মনে হচ্ছে টেস্ট খেলা সহজ?

নাঈম: না, আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলে কিছু নেই। তবে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সফল হওয়া সম্ভব।

প্রশ্ন:  অভিষেক টেস্টে কতটা চাপ অনুভব করছেন?

নাঈম: তেমন চাপ অনুভব করছি না। সিনিয়ররা অনেক সাহায্য করছেন। আমরা খেলোয়াড়, আমাদের তো খেলতেই হবে। জড়তা থাকলেও খেলতে হবে, না থাকলেও খেলতে হবে।

প্রশ্ন: ক্রিকেটে আপনার আদর্শ কে?

নাঈম:  আমি অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়নকে সবসময় ফলো করি।

প্রশ্ন: সাকিবের সঙ্গে বল করতে কেমন লাগছে?

নাঈম: সাকিব ভাইয়ের সঙ্গে খেলতে খুব ভালো লাগছে। উনি খুব হেল্পফুল। সাকিব ভাই যেভাবে বলেছেন আমি সেভাবেই বল করেছি।

প্রশ্ন: রোচ-গ্যাব্রিয়েলদের বিপক্ষে ব্যাট করতে কোনও সমস্যা হয়েছে?

নাঈম: আমি স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করেছি। ওরা কেমন বোলার, কী করতে পারে এসব নিয়ে একটুও ভাবিনি।