দুবাই টেস্টের চতুর্থ দিনের চা বিরতির আধ ঘণ্টার মধ্যে জয় নিশ্চিত করে পাকিস্তান। তৃতীয় সেশনের ৭ ওভারে নিউজিল্যান্ডকে অলআউট করলে ব্যাটিংয়ে আর নামতে হয়নি পাকিস্তানকে। আরেকবার ইয়াসির জ্বলে ওঠায় দ্বিতীয় ইনিংসে ৩১২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৫ উইকেটে ৪১৮ রানে পাকিস্তানের প্রথম ইনিংস ঘোষণা পর মাত্র ৯০ রানে অলআউট হয়েছিল কিউইরা।
যেখানে ইয়াসির একাই তুলে নিয়েছিলেন ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসেও পারফরম্যান্সের ধারা চালু রাখলেন এই স্পিনার, ৬ উইকেট শিকার করে পাকিস্তানকে এনে দিয়েছেন ইনিংস ব্যবধানে জয়। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১৮৪ রান খরচায় পেয়েছেন ১৪ উইকেট। ইমরান খানের ১১৬ রানে ১৪ উইকেটের পর এটাই টেস্টে পাকিস্তানের সেরা বোলিং ফিগার।
প্রথম ইনিংসের ভরাডুবিতে ফলোঅনে পড়া নিউজিল্যান্ড পিছিয়ে ছিল ৩২৮ রানে। বিশাল এই ব্যবধান ঘুচিয়ে পাকিস্তানের দিকে লক্ষ্য ছুড়ে দেওয়াটা কিউইদের জন্য ছিল কঠিন পরীক্ষার। বাজে শুরুর পর এই পরীক্ষা প্রায় উতরেই গিয়েছিল তারা রস টেলর ও হেনরি নিকোলসের ব্যাটে। যদিও হয়নি তা।
হাফসেঞ্চুরি করেই ফিরে যান টম ল্যাথাম (৫০)। টেলর ও নিকোলসে ভর করে অবশ্য এগিয়ে যেতে থাকে নিউজিল্যান্ড। কিন্তু ৮২ রানে টেলর থামলে ধাক্কা খায় সফরকারীরা। পরের সময়টায় নিকোলস আশা জাগালেও চা বিরতির পর হাসান আলীর বলে শেষ হয়ে যায় তা। ৭৭ রানে নিকোলসের বিদায়ের পর শেষটা টেনে দেন ইয়ারিস। ম্যাচসেরার পুরস্কার জেতা এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ১৪৩ রান খরচায় পেয়েছেন ৬ উইকেট। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪১৮/৫ (ডিক্লে.)।
নিউজিল্যান্ড: ৯০ ও দ্বিতীয় ইনিংসে (ফলোঅন) ১১২.৫ ওভারে ৩১২ (টেলর ৮২, নিকোলস ৭৭, ল্যাথাম ৫০, উইলিয়ামসন ৩০, ওয়াটলিং ২৭; ইয়াসির ৬/১৪৩, হাসান ৩/৪৬)।
ফল: পাকিস্তান ইনিংস ও ১৬ রানে জয়ী।
ম্যাচসেরা: ইয়াসির শাহ।