নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কার শক্তিশালী টেস্ট দল

টেস্ট দলে ফিরেছেন নুয়ান প্রদীপনিউজিল্যান্ড সফরের জন্য শক্তিশালী টেস্ট দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। লম্বা সময় পর ফিরেছেন ব্যাটসম্যান লাহিরু থিরিমানে ও পেসার নুয়ান প্রদীপ। তাদের সঙ্গে উইকেটরক্ষক ব্যাটসমস্যান সাদিরা সামরাবিক্রমাকে যোগ করে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

ইংল্যান্ডের টেস্ট সিরিজে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি দিনেশ চান্ডিমাল। চোট কাটিয়ে নিউজিল্যান্ড সফরের দলে আছেন লঙ্কান অধিনায়ক। কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তার ডেপুটি হিসেবে কাজ করবেন ওপেনার দিমুথ করুণারত্নে। চান্ডিমালের অনুস্থিতিতে ইংলিশদের বিপক্ষে পেসার সুরঙ্গা লাকমাল নেতৃত্ব দিলেও তাকে পেছনে ফেলে করুণারত্নে পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব।

ইংল্যান্ড সিরিজের দল থেকে সবচেয়ে বড় পরিবর্তন অফ স্পিনার আকিলা ধনাঞ্জয়ার না থাকা। বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর তিনি এখন তার বায়োকেমিকেল টেস্টের ফলের অপেক্ষায়। দলে জায়গা ধরে রাখতে পারেননি ওপেনার কুশল সিলভাও। তবে কলম্বো টেস্টে বাজে পারফরম্যান্সের পরও টিকে গেছেন আরেক ওপেনার দানুস্কা গুনাথিলাকা।

বাজে পারফরম্যান্সে গত বছর টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন থিরিমানে। লম্বা বিরতি শেষে আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে করা পারফরম্যান্সে। জুলাইয়ে বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ১৭৩.৫ গড়ে থিরিমানে করেছিলেন ৩৪৭ রান।

নুয়ান প্রদীপের বাইরে থাকায় অবশ্য ফর্মের কোনও বিষয় নেই। চোটের কারণে এক বছরের বেশি সময় খেলা হয়নি তার টেস্ট। তার সঙ্গে নিউজিল্যান্ডের পেস সহায়ক কন্ডিশনে আছেন আরও চার ফাস্ট বোলার। কাসুকা রাজিথা ও লাহিরু কুমারার সঙ্গে আছেন ২০১৫ সালে নিউজিল্যান্ড সফরে আলো ছড়ানো দুষ্মন্থ চামিরা।

নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা, যার প্রথমটি শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। টেস্ট শেষে সফরকারীরা তিন ওয়ানডের সঙ্গে একটি টি-টোয়েন্টি খেলবে কিউইদের বিপক্ষে। ক্রিকইনফো

শ্রীলঙ্কার টেস্ট দল:

দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, রোশেন সিলভা, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), দানুস্কা গুনাথিলাকা, লাহিরু থিরিমানে, সাদিরা সামারাবিক্রমা, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, সুরঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দুষ্মন্থ চামিরা।