দিন শেষে স্কোরবোর্ডে ৫ উইকেটে ২৫৯ রান। ক্রিজে আছেন নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান সাকিব ও মাহমুদউল্লাহ। তাদের পর রয়েছেন জিম্বাবুয়ে সিরিজে ওপেনারের ভূমিকায় খেলা লিটন দাস। আছেন মেহেদী হাসান মিরাজ এবং চট্টগ্রামে ব্যাট হাতে দারুণ পারফর্ম করা নাঈম হাসান ও তাইজুল ইসলাম।
প্রথম ইনিংসে তাহলে বাংলাদেশের সংগ্রহ কতদূর যেতে পারে- প্রথম দিন শেষে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এই অঙ্ক মেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনেও উঠলো প্রসঙ্গটি। বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা সাদমান অবশ্য জানিয়েছেন, নির্দিষ্ট কোনও লক্ষ্যে চোখ নেই, বড় জুটি গড়ার দিকেই নজর দলের।
অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৭৬ রান করা এই ওপেনার বলেছেন, ‘বাংলাদেশের অবস্থা অনেক ভালো। আশা করি আগামীকাল (শনিবার) আরও ভালো হবে। তবে আমরা নির্দিষ্ট কোনও লক্ষ্য নির্ধারণ করতে চাই না। আমাদের ব্যাটসম্যানরা তাদের ইনিংস যত লম্বা করতে পারবে, স্কোর ততো বাড়বে।’
প্রথম দিনে দলীয় পরিকল্পনা শতভাগ না হলেও অনেকটাই বাস্তবায়ন হয়েছে বলে মত সাদমানের, ‘আমাদের পরিকল্পনা ছিল বড় জুটির। শুরুতে না পারলেও সাকিব ভাই-রিয়াদ ভাই সেই পরিকল্পনা বাস্তবায়ন করছেন। আগামীকাল (শনিবার) হয়তো তারা তাদের ইনিংসকে আরও বড় করবেন।’