বিসিবি একাদশে মাশরাফি-তামিম

তামিম ও মাশরাফিটেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তার আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ক্যারিবীয়রা। ৬ ডিসেম্বর বিকেএসপিতে সেই ম্যাচে বিসিবি একাদশ খেলবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে। ইনজুরি থেকে সেরে ওঠা তামিম ইকবালও আছেন এই দলে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে প্রায় দেড় মাস ক্রিকেটের বাইরে মাশরাফি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ‘নড়াইল এক্সপ্রেস’ অনুশীলনের সুযোগ পাচ্ছেন না তেমন। তাই ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচটি তার কাজে আসবেই।

একই কথা তামিমের ক্ষেত্রেও প্রযোজ্য। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যাওয়া দেশসেরা ওপেনার জিম্বাবুয়ে সিরিজে একটি ম্যাচও খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু সাইড স্ট্রেইন ইনজুরি আবার পিছিয়ে দেয় ফেরা। বাংলাদেশের জন্য সুখবর, সব শঙ্কা কাটিয়ে মাঠে ফিরছেন তামিম।

মাশরাফি-তামিম ছাড়াও ইমরুল-সৌম্য-মিঠুন-রুবেলদের নিয়ে শক্তিশালী দলই গড়া হয়েছে। বোঝাই যাচ্ছে, ক্যারিবীয়দের একটুও ছাড় দিতে রাজি নয় টাইগাররা। 

বিসিবি একাদশ:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলী, রুবেল হোসেন, মৃতুঞ্জয় চৌধুরী, শাহীন আলম, মেহেদী হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।