যে কোনও অবস্থায় পারফর্ম করতে প্রস্তুত লিটন

অনুশীলনে লিটনঅভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ফিরেছেন ইনজুরি কাটিয়ে। ফর্মে আছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস ও লিটন দাস। এতে করে টপ অর্ডার নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তামিমের সঙ্গে উদ্বোধনী জুটিতে কাকে রাখা উচিত, এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজছে তারা। তাছাড়া দল নির্বাচন নিয়েও হয়তো দ্বিধান্বিত তারা। কিন্তু এত ভাবছেন না লিটন; একাদশে থাকলে যে কোনও জায়গায়, যে কোনও অবস্থায় পারফর্ম করতে প্রস্তুত তিনি।

এই চার টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে তিনজনকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। তবে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে লিটন। সেক্ষেত্রে তিন নম্বরে দেখা যেতে পারে সৌম্যকে।  জিম্বাবুয়ে বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরি ও একটি ৯০ রানের ইনিংস খেলা  ইমরুলও আছেন একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে।

টপ অর্ডারের এমন প্রতিযোগিতা উপভোগ করছেন লিটন, ‘এমন প্রতিযোগিতা আমাদের জন্য অবশ্যই ভালো, চ্যালেঞ্জিংও বলতে পারেন। দলে এখন তিন-চারজন ওপেনার, তারা নিয়মিত পারফর্ম করছে। দেখতেও ভালো লাগে। এগুলো দেখে ভালো খেলার চ্যালেঞ্জ তৈরি হয় মনের ভেতর।’

শুধু একাদশে নয়, যারা বেঞ্চে থাকে তাদের মধ্যেও অন্য লড়াই চলে মনে করেন লিটন, ‘যে বেঞ্চে থাকে, সেও জানে যে সুযোগ পেলে ভালো করতে হবে। যারা খেলে তাদেরও চাপ থাকে যে ভালো কিছু করতে হবে। নয়তো বাদ পড়তে পারে, এটা দলের জন্য ভালো ব্যাপার।’

জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন লিটন। প্রথম ও শেষ ম্যাচে শুরুতেই ফিরে যেতে হয়েছে তরুণ এই ব্যাটসম্যানকে। এই পারফরম্যান্স দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে থাকার সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘আমি খেলব নাকি খেলব না সেটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমার কাজ হলো শতভাগ দেওয়া। আমি তেমন কোনও চাপ অনুভব করছি না। ক্রিকেট খেলি তো সবসময় পারফর্ম করার জন্যই। যে কোনও অবস্থায় পারফর্ম করার চেষ্টা করাই আমার লক্ষ্য।’

ওপেনিংয়ে না হলেও যে কোনও পজিশনে খেলতে প্রস্তুত লিটন, ‘এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। নিজের পছন্দ বললে আমি যেহেতু সবসময় ওপেনিংয়ে পারফর্ম করি, সেখানে খেলতেই বেশি স্বাচ্ছ্ন্দ্য অনুভব করি। তবে দলের স্বার্থে যে কোনও পজিশনেই খেলতে প্রস্তুত।’

ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার ওয়ানডেতেও একই ফল চায় বাংলাদেশ। যদিও নিজেদের ফেভারিট মানছেন না লিটন, ‘নিজেদের ফেভারিট মানছি না আমরা। ভালো ক্রিকেট খেলতে হবে। কারণ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। চেষ্টা থাকবে প্রত্যেক ম্যাচ জেতার। দেশের মাটিতে খেলা, একটু সুবিধা হয়তো আমরা পাব।’