‘মুখোশধারী’ শামসির উদযাপনে আইসিসির নিষেধাজ্ঞা

সিপিএলে এই উদযাপন করেছিলেন শামসিউইকেট নেওয়ার পরই এক দৌড়, তারপর জার্সি থেকে মুখোশ বের করে মুখের অর্ধেক ঢেকে উদযাপন। একেবারে আলাদা এক উদযাপন দিয়ে ক্রিকেট অঙ্গনে বেশ শিরোনাম হয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি চায়নাম্যান তাবরাইজ শামসি। কিন্তু আর দেখা যাবে না তাকে এই উদযাপন করতে, কারণ আইসিসি নিষেধাজ্ঞা জারি করেছে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এই উদযাপনের শুরু করেছিলেন শামসি। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এমজানসি সুপার লিগেও (এমএসএল) এমন অদ্ভুত ঢঙয়ে উইকেট নেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে পার্ল রকসের এই বোলারকে।

সম্প্রতি এই উদযাপনের কারণ ব্যাখ্যায় শামসি বলেন, ‘আজকাল ম্যাচে বোলারদের ওপর অনেক চাপ থাকে। আমিও মজার জন্য এটা করি, অবশ্যই কোনও ক্রিকেটারকে অসম্মান করতে নয়।’

শামসি উদযাপনটির নাম দিয়েছিলেন ‘মাস্কড ম্যাজিশিয়ান’, আমেরিকান জাদুকর ভ্যাল ভ্যালেন্তিনো মঞ্চে এই নাম ব্যবহার করেন। আরও একটি অন্য ধরনের উদযাপনে হাত পাকা করছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার- নাম ‘শু ফোন’। উইকেট নেওয়ার পর সীমানার কাছে গিয়ে জুতো খুলে কানের কাছে ধরেন। স্পোর্টস২৪