অলরাউন্ডার সাকিব-মাহমুদউল্লাহর উন্নতি

iওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ নিজেদের করে নিতে পারেনি। ২-১ এ সিরিজ হারলেও র‌্যাংকিংয়ে বড় ধাপ ফেলেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও লিটন দাস।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আইসিসি টি-টোয়েন্টি খেলোয়াড় র‌্যাংকিংয়ে ব্যাটে, বলে ও অলরাউন্ডিং নৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন। তিন ম্যাচের সিরিজে ১০৩ রান করেছেন তিনি। সিলেটে প্রথম ম্যাচে তার ৬১ রান বিফলে গেলেও ঢাকায় দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪২ রান করে দলকে জেতান তিনি। তাতে ব্যাটসম্যানের তালিকায় ৭ ধাপ এগিয়ে ৩৭তম সাকিব।

বোলার র‌্যাংকিংয়েও এগিয়ে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক। কুড়ি ওভারের ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট নেন দ্বিতীয় ম্যাচে। সিরিজে ৮ উইকেট নিয়ে দশম থেকে সপ্তম স্থানে উঠে গেছেন সাকিব। টেস্ট ও ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার সিরিজসেরা পারফর্ম করে টি-টোয়েন্টিতে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে।

মাহমুদউল্লাহও তিন তালিকায় এগিয়েছেন। সিরিজে ৬৬ রান করে ব্যাটসম্যান হিসেবে দুই ধাপ এগিয়ে ৩১তম তিনি। তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে বোলার র‌্যাংকিংয়ে ১৭ ধাপ উন্নতি হয়েছে তার, এখন তিনি ৫১ নম্বরে। আর অলরাউন্ডার তালিকায় পঞ্চম থেকে চতুর্থ স্থানে উঠেছেন মাহমুদউল্লাহ।

দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাট করে দলকে রেকর্ড সংগ্রহ এনে দেওয়া লিটন ২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৪৭ নম্বরে। তিন ম্যাচে একটি ফিফটিসহ ১০৯ রান করেন তিনি।