আর দুই দিন পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে তৃতীয় টেস্ট। এই ম্যাচের একাদশ সাজানো নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে ভারতকে। সিরিজ শুরু হওয়ার আগেই গোড়ালির চোটে ছিটকে যান ওপেনার পৃথ্বি শ। তার শূন্যতা পূরণ করতে পারছেন না মুরালি বিজয় ও লোকেশ রাহুল। তাদের জুটি আবারও নামানো ঠিক হবে কিনা ভাবছে সফরকারীরা।
এছাড়া ইনজুরিতে পার্থ টেস্টে রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতি ভুগিয়েছে। মেলবোর্নে তাদের ফেরা নিয়ে এখনও শঙ্কা কাটেনি। চোট নিয়েই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যান রবীন্দ্র জাদেজা। কেন তাকে দলে নেওয়া হলো এনিয়ে একের পর এক প্রশ্ন শুনতে হচ্ছে কোচ রবি শাস্ত্রীকে।
অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসে ৩টি করে উইকেট পান অশ্বিন। কিন্তু ওই ম্যাচে ফিল্ডিং করার সময় পাঁজরের চোটে পড়েন এই স্পিনার। এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। ফেরত পাঠানো হয়নি দেশেও। হাতে আছে দুই দিনেরও কম সময়। মেলবোর্নে জায়গা পেতে হলে ফিটনেসের জন্য কঠিন পরীক্ষা দিতে হবে তাকে। একাদশে না ফিরলে আবার স্পিন দুর্বলতা নিয়ে লড়াই করতে হবে ভারতকে।
প্রথম টেস্ট জয়ে বড় কোনও অবদান রাখতে পারেননি রোহিত। কিন্তু ভারতের ব্যাটিং লাইনে তাকে শক্ত খুঁটি বললে ভুল হবে না। তাকে ছাড়া পার্থে নেমে দুর্দশাগ্রস্ত দেখা গেছে সফরকারীদের। অ্যাডিলেডে ফিল্ডিং করার সময় পাওয়া পিঠের চোট তাকে খেলতে দেয়নি দ্বিতীয় ম্যাচে। মেলবোর্নের আগে তাকে সুস্থ দেখা গেলেও একাদশে তার থাকা নিয়ে নিশ্চয়তা দেননি শাস্ত্রী।
প্রস্তুতি ম্যাচে কেবল খেলেছেন জাদেজা। তারপর অ্যাডিলেড আর পার্থে একাদশে থাকতে পারেননি শতভাগ ফিট না থাকায়। তাছাড়া চারজন ফাস্ট বোলার নিয়ে খেলতে আগ্রহী কোহলি। এতে কাঁধের চোট নিয়ে ভারত থেকে অস্ট্রেলিয়ায় গিয়ে শুধু বোঝা হয়ে দলের সঙ্গে আছেন জাদেজা। শাস্ত্রী জানালেন, ৮০ ভাগ ফিট থাকলে মেলবোর্নে দেখা যাবে এই স্পিনারকে।
দীর্ঘদিন ইনজুরিতে মাঠের বাইরে থাকার পর মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচে দারুণ পারফরম্যান্স করে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। এই অলরাউন্ডারকে একাদশে রাখার ঝুঁকি ভারত নেবে কিনা নিশ্চিত নয় কেউই।
পৃথ্বির ছিটকে যাওয়ার খবরে যোগ দিয়েছেন নতুন মুখ মায়াঙ্ক আগারওয়াল। ফর্মে ভাটা পড়ায় মুরালি ও লোকেশের যে কোনও একজন বাদ পড়লে ওপেনিং দিয়ে বক্সিং ডে টেস্টে অভিষেক হয়ে যেতে পারে আগারওয়ালের। চার ইনিংসে কেবল ৪৯ রান করেছেন মুরালি, আর লোকেশ ৪৮।
জিতে সিরিজ শুরুর পর ভারত দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় এখন ১-১ এ সমতায়। বক্সিং ডে টেস্টে তাই ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা। তার আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি বড় দুশ্চিন্তায় রেখেছে তাদের। ক্রিকইনফো