প্রিয় বন্ধু মাশরাফিকে অভিনন্দন জানালেন আশরাফুলনড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছেন মাশরাফি বিন মুর্তজা। আগামী শনিবার শুরু হতে যাওয়া বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের তিনি অধিনায়ক। তাই নির্বাচন শেষে তড়িঘড়ি ফিরে এসেছেন ঢাকায়। বুধবার মিরপুরে জিম করতে এসে সতীর্থদের অভিনন্দনে সিক্ত হলেন আবারও।
ঘড়িতে তখন বেলা দেড়টা। ক্রিকেট একাডেমিতে মাশরাফি ঢুকতেই ছবি তোলা শুরু করলো আশেপাশের সবাই। তাদের অবস্থা দেখে তিনি হেসে বললেন, ‘আমাকে কি আপনারা নতুন দেখছেন নাকি? এমন করছেন যে!’ তারপর একটু থেমে দেশসেরা ক্রিকেট অধিনায়ক বললেন, ‘আমি পরিবর্তন আনতে চাই, তবে নিজের পরিবর্তন চাই না। ক্রিকেটার মাশরাফি হয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই।’
অভিনন্দন জানাতে গিয়ে একটু খুনসুটিও করলেন মুশফিকএকাডেমিতে ঢুঁ মেরে মাশরাফি চলে গেলেন জিমে। সেখানেও রেহাই নেই, নারী ক্রিকেটার থেকে শুরু করে নেট বোলার-বিসিবি কর্মচারিদের সেলফির আবদার মেটালেন হাসিমুখে। জিমে ঢুকতে ছুটে এলেন সতীর্থ ক্রিকেটাররা। আল আমিন-নাসির-তাসকিনরা ‘মাশরাফি ভাই আমাদের এমপি’ বলে বুকে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ খুনসুটি চললো তাদের সঙ্গে।
এরপর হন্তদন্ত হয়ে জিমে ঢুকলেন মোহাম্মদ আশরাফুল, অভিনন্দন জানালেন প্রিয় বন্ধুকে। মাশরাফিও নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএলে ফেরা আশরাফুলের অনুশীলনের খবর নিলেন। একে একে সাকিব-তামিম-মুশফিকের ভালোবাসায় সিক্ত হলেন ‘নড়াইল এক্সপ্রেস’।
এমপি মাশরাফির সঙ্গে ছবি তুলে দারুণ খুশি মাহমুদউল্লাহমাশরাফি যখন মিরপুর স্টেডিয়াম চত্বর থেকে বেরোচ্ছেন, তখন দেখা মাহমুদউল্লাহর সঙ্গে। মূল ফটকের সামনে দাঁড়িয়ে তার কাছে নির্বাচনের গল্প শুনছিলেন খুলনা টাইটানসের অধিনায়ক। কিন্তু সেলফি শিকারীদের জ্বালায় কী দু দণ্ড দাঁড়ানোর উপায় আছে! কোনও রকমে মোটরসাইকেলে চড়ে স্টেডিয়ামের কাছেই বাসার পথ ধরলেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। যাওয়ার আগে শুধু বলে গেলেন, ‘আগামী কয়েক মাস আমি শুধু ক্রিকেট নিয়ে থাকবো। ক্রিকেটের বাইরে কিছু ভাবতে চাই না।’
মাশরাফিকে শুধু ক্রিকেট মাঠে নয়, এবার সংসদ ভবনের ভেতরেও পাবেন নাজমুল হাসান। কিশোরগঞ্জ-৬ থেকে সংসদ সদস্য নির্বাচিত বিসিবি সভাপতিও শুভকামনা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ককে, ‘ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনার জন্ম হতে যাচ্ছে। একজন সংসদ সদস্য ক্রিকেট খেলবে আর অধিনায়কত্বও করবে। মাশরাফি এলাকার উন্নয়ন করতে রাজনীতিতে এসেছে। আমি নিশ্চিত, সে রাজনীতিতেও সফল হবে। ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে চালিয়ে যেতে তার কোনও সমস্যাই হবে না।’