মিরপুরে ঢাকা টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করে। দলীয় ২৭ রানে এনামুল হক বিজয় (১) ও অধিনায়ক ইমরুলকে (৭) ফেরায় তারা। তৃতীয় উইকেটে ৬১ রান যোগ করে প্রতিরোধ গড়েন তামিম ইকবাল ও শামসুর রহমান।
কুমিল্লার এই প্রতিরোধ ভেঙে দেন সাকিব। তামিম স্লগ সুইপে মিডউইকেটে রনি তালুকদারের হাতে ধরা পড়েন। ২৯ বলে ১ চার ও ২ ছয়ে ৩৪ রানের দ্বিতীয় সেরা ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার।
৩৪ রানের জুটি গড়া শহীদ আফ্রিদি ও শামসুরকে শেষ ওভারে বিদায় করেন সাকিব। ৩৫ বলে ৩ চার ও ১ ছয়ে ৪৮ রানের সেরা ইনিংস ছিল শামসুরের। ১৬ রান আসে আফ্রিদির ব্যাটে।
এই জোড়া আঘাত সামাল দিয়ে থিসারা পেরেরার ঝড়ে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। ১২ বলে ৩ ছয়ে ২৬ রান করে শেষ ওভারের প্রথম বলে আউট হন শ্রীলঙ্কার ব্যাটসম্যান। শেষ ২ ওভারে ৩ উইকেট হারিয়ে বেশ বড় ধাক্কা খায় সাবেক চ্যাম্পিয়নরা।
সাকিব ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পান রুবেল হোসেন ও আন্দ্রে রাসেল।