টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ যুব দল

ট্রফির সঙ্গে বাংলাদেশের ‍যুবারাট্রফি জিতে যুব আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ শুরু করলো বাংলাদেশ। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারালো অনূর্ধ্ব-১৯ দল।

৮ উইকেটে ১২০ রান করা ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জেতে ৭ বল বাকি থাকতে। ১৮.৫ ওভারে তারা ৩ উইকেটে করে ১২৩ রান।

টস জিতে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। তানজিম সাকিবের বোলিংয়ে তাদের বাজে শুরু হয়। ৪.৫ ওভারে মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারায় তারা, যার তিনটিই তানজিমের।

ইংল্যান্ডের এই বিপর্যয় কিছুক্ষণ থামে অধিনায়ক হিল ও গোল্ডসওর্দির জুটিতে। পঞ্চম উইকেটে তারা করেন ৪৬ রান। ইনিংস সেরা জুটি গড়ে ফিরে যান হিল। তার ৩৪ রান ছিল সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে সেরা।

থিতু হওয়া দুই ব্যাটসম্যানের জুটি ভাঙলে ইংল্যান্ডের রানের গতি কমে যায়। তাতে ৮ উইকেটে ১২০ রান করে সফরকারীরা।

একমাত্র টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশের যুবরাতানজিম ৩০ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার। এছাড়া মৃত্যুঞ্জয়ী, শামীম, রাকিবুল একটি করে উইকেট পান।

ছোট লক্ষ্যে দারুণ শুরু করে বাংলাদেশ। তানজিদ তামিম ও মাহমুদুল হাসানের ৫০ রানের উদ্বোধনী জুটি গড়ে দেয় জয়ের ভিত। তানজিদ ২৮ রানে ফিরে গেলে ভাঙে এই জুটি। তারপর পারভেজ হোসেনকে নিয়ে ৪৬ রানের জুটিতে মাহমুদুল দলকে এনে দেন জয়ের সুবাস। ৫৪ বলে চারটি চারে ইনিংস সেরা ৪৪ রান করে আউট হন এই ওপেনার।

দুই ওপেনারের বিদায়ের পর পারভেজের ৩৩ রান দলকে জয়ের আরও কাছে নিয়ে যায়। মাত্র ৫ রান বাকি থাকতে আউট হন তিনি। শামীম হোসেন ৬ ও আকবর আলী ৮ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

একমাত্র টি-টোয়েন্টি জয়ের পর দুই দলের যুবরা মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ২৯ জানুয়ারি শুরু হবে এই সিরিজ। বাকি দুটি ম্যাচ তারা খেলবে ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি।