একাদশ ম্যাচে নবম পরাজয়ের পর মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমাদের কঠিন সময় যাচ্ছে। আমার এবং দলের জন্য অত্যন্ত হতাশার সিজন এটা। এর চেয়ে খারাপ কিছু হতে পারে না! খুলনার সমর্থকদের জন্য এবারের বিপিএল সত্যিই হতাশাজনক। তাদের জন্য আমরা জয়ের ধারায় ফিরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি।’
গত দুই মৌসুমে খুলনার সেরা চারে ওঠার পেছনে বড় অবদান ছিল মাহমুদউল্লাহর। ব্যাটিং-বোলিং-অধিনায়কত্বে আলো ছড়িয়ে তিনি দলকে এনে দিয়েছিলেন সাফল্য। কিন্তু এবার টাইটানস অধিনায়কও ব্যর্থ। ১১ ম্যাচে মাত্র ২০৫ রান করেছেন, উইকেট নিয়েছেন ৭টি। হতাশ হওয়ারই কথা।
সোমবার শুরুটা অবশ্য খারাপ হয়নি খুলনার। টাইটানসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২ ওভারে ১০০ রান করতে পেরেছিল কুমিল্লা। কিন্তু বাকি ৮ ওভারে ঝড় তুলে ১৩৭ রান যোগ করে তারা। আরেকটি হারের জন্য এলোমেলো বোলিংকে দায়ী করলেন মাহমুদউল্লাহ, ‘আমরা প্রথম ১০ ওভারে ব্যাটসম্যানদের চেপে ধরলেও শেষ ১০ ওভারে পারিনি। শেষ দিকে আমাদের বোলাররা অনেক লুজ বল দিয়েছে।’
খুলনা টাইটানসের শেষ ম্যাচ ২ ফেব্রুয়ারি ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। সেই ম্যাচে সান্ত্বনার জয় চান মাহমুদউল্লাহ, ‘আমাদের আরেকটা ম্যাচ আছে। আশা করি, জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারবো।’