২০০৮ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ইমরুলের অভিষেক। ১০ বছর পেরিয়ে গেলেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই বাঁহাতি ওপেনার। কেন পারেননি সেই উত্তর তার জানা নেই। সোমবার খুলনা টাইটানস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘গত ১০ বছর ধরে তো এভাবেই খেলে আসছি। আমি নিজেও জানি না ভালো খেললেও পরের সিরিজে থাকবো কিনা। আমি অবশ্য দলে থাকার প্রত্যাশাই করি না, নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখি। চিন্তা করি যখন সুযোগ পাবো, তখন যেন ভালো করতে পারি।’
ইমরুল আসলে বুঝতে পারছেন না তার সমস্যা কোথায়। নির্বাচকদের কাছে তার অনুরোধ, ‘নির্বাচকরা আমার সমস্যা নিয়ে পরিষ্কার করে বললে সেটা নিয়ে কাজ করতে পারতাম, কেন আমি দলে নেই তা বুঝতে পারতাম। নির্বাচকরা হয়তো টিম কম্বিনেশনের কারণে আমাকে বাদ দিয়েছেন। একই পজিশনে অনেক ব্যাটসম্যান থাকার কারণে আমাকে হয়তো দলে দরকার নেই, আমি হয়তো তাদের মাথায় নেই।’