মিডলসেক্সের হলেন ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্সএই গ্রীষ্মে কাউন্টি ক্রিকেটে অভিষেক হবে এবি ডি ভিলিয়ার্সের। টি-টোয়েন্টি ব্ল্যাস্ট খেলতে স্বল্প মেয়াদের জন্য মিডলসেক্সের সঙ্গে চুক্তি করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক।

৩৫ বছর বয়সী এই ক্রিকেট ২০১৮ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। তিন সংস্করণ মিলিয়ে তার রান ছিল ২০,০১৪। সমৃদ্ধ এক অধ্যায় শেষ করলেও ক্রিকেট খেলতে এখন তিনি ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে।

গত জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল তার রংপুর রাইডার্সের হয়ে। লিগ পর্বে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরির অপরাজিত ইনিংস খেলে দর্শকদের মাতান এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

এখন ডি ভিলিয়ার্স পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের নেতৃত্বে আছেন। গত শুক্রবার মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ জয়ী ফিফটি আসে তার ব্যাটে। আগামী জুলাইয়ে তিনি মাতাবেন কাউন্টি ক্রিকেট।

মিডলসেক্সের প্রথম ৭টি গ্রুপ ম্যাচে খেলবেন ডি ভিলিয়ার্স। তারপর নকআউটের টিকিট পেলে আবার দলে যোগ দেবেন তিনি।

চুক্তির খবর নিশ্চিত করার পর ডি ভিলিয়ার্স বলেছেন, ‘কাউন্টি ক্রিকেটে আমি সবসময় খেলতে চেয়েছি। লর্ডসে খেলা সবসময় চমৎকার ব্যাপার। দক্ষিণ-পশ্চিম লন্ডনের দর্শনীয় মাঠ রিচমন্ডে খেলতে আমি মুখিয়ে। এটা হবে দারুণ অভিজ্ঞতা।’ ক্রিকইনফো