আবাহনীকে বিদায় করে শেষ চারে প্রাইম ব্যাংক

রুবেল মিয়া ম্যাচসেরাদুইবারের চ্যাম্পিয়ন আবাহনী শক্তিশালী দল নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু করেছিল। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে শুভ সূচনা হয়েছিল তাদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৪৯ রানে হেরে বিদায় নিলো।

রুবেল মিয়ার ফিফটি সেমিফাইনালে নিয়ে গেছে প্রাইম ব্যাংককে। তারা ‘এ’ গ্রুপ থেকে নিশ্চিত করেছে শেষ চারের খেলা।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানে থামে আবাহনী।

টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। কিন্তু সিদ্ধান্তের ফায়দা নিতে পারেনি তারা। এনামুল হক বিজয় ও রুবেল মিয়ার ৬৭ রানের ওপেনিং জুটিতে দারুণ শুরু করে প্রাইম ব্যাংক।

এনামুল ২২ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৭ রানে আউট হন। এরপর জাকির হাসান (১৭) ও আল আমিন (২০) বেশিক্ষণ ক্রিজে থাকতে না পারলেও একপ্রান্ত আগলে রাখেন রুবেল। চতুর্থ উইকেটে আরিফুল হকের সঙ্গে ৫০ রানের কার্যকরী জুটি গড়েন তিনি। ৫৬ বলে ৭ চার ও ৪ ছয়ে ৭৬ রান করে মাঠ ছাড়েন রুবেল। জয়ের ভিত গড়ে দেওয়া ইনিংসে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আরিফুল হাসান, জাকারিয়া ইসলাম ও সাব্বির রহমান প্রত্যেকে একটি করে উইকেট নেন আবাহনীর পক্ষে।

১৭৭ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি এসেছে রুবেলের ব্যাট থেকে। ২৩ বলে ৩ চার ও ২ ছয়ে করেন ৩৬ রান। দ্বিতীয় সেরা স্কোরার মোসাদ্দেক হোসেন (১৭)।

পেসার মোহর শেখ ও লেগ স্পিনার অলক কাপালি তিনটি করে উইকেট নেন। এছাড়া আল আমিন হোসেন দুটি এবং আল আমিন জুনিয়র নিয়েছেন একটি উইকেট।