মোহামেডানের সান্ত্বনার জয়

অলরাউন্ড নৈপুণ্য দেখান আলাউদ্দিনঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গ্রুপ পর্ব থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছিটকে যাওয়া নিশ্চিত হয় প্রথম ম্যাচেই। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে হেরে এই প্রতিযোগিতা শুরু করে তারা। বুধবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে তারা পেলো সান্ত্বনার জয়। আলাউদ্দিন বাবুর অলরাউন্ড নৈপুণ্যে তারা ৩০ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে যায় মোহামেডান। নাদিফ চৌধুরীর ইনিংস সেরা পারফরম্যান্সের সঙ্গে আলাউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে ১৪৩ রান করে তারা। এরপর রূপগঞ্জকে ৮ উইকেটে ১১৩ রানে আটকে দিয়ে জয় নিশ্চিত করে রকিবুল হাসানের দল।

ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শহীদের বলে পরপর ক্রিজ ছাড়েন আব্দুল মজিদ (৪) ও মোহাম্মদ আশরাফুল (০)। এই ধাক্কার রেশ ছিল আরও কিছুক্ষণ। ৬৫ রানে ৬ উইকেট হারায় মোহামেডান।

নাদিফের সঙ্গে আলাউদ্দিনের ৫৭ রানের জুটিতে প্রতিরোধ গড়ে দলটি। ২৩ বলে দুটি করে চার ও ছয়ে ৩০ রান করে আউট হন আলাউদ্দিন। ৩৪ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন নাদিফ। এছাড়া অভিষেক মিত্রের ২২ ও সোহাগ গাজীর ২১ রান উল্লেখযোগ্য অবদান রাখেন।

শহীদ রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি পান মিনহাজুর রহমান।

লক্ষ্যে নামা রূপগঞ্জের পক্ষে নাঈম ইসলামের ব্যাটই কেবল হেসেছে। ২৩ বলে ২৮ রান করেন তিনি। এছাড়া আর কেউই ২০ এর কোটায় রান পাননি।

সাকলাইন সজীব, নিহাদুজ্জামান ও শাহাদাৎ হোসেন সর্বোচ্চ দুটি করে উইকেট পান। আলাউদ্দিন ৩ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ম্যাচসেরা হয়েছেন তিনি।

এদিকে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে মিরপুরে মুখোমুখি হওয়ার কথা ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের। বৃষ্টিতে ম্যাচটি স্থগিত হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় ম্যাচটি হবে। গাজী গ্রুপের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এ বিষয় নিশ্চিত করেন।