আবার এশিয়াডে ক্রিকেট

হাংজু এশিয়ান গেমসের লোগোএশিয়ান গেমস বা এশিয়াডে ক্রিকেট প্রথম অন্তর্ভুক্ত হয় ২০১০ সালে, চীনের গুয়াংজুতে। আর প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় ইনচনে অবশ্য বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। গত বছর ইন্দোনেশিয়ার জাকার্তা-পালেমবাংয়ে ক্রিকেট ছিল না। ক্রিকেট-ভক্তদের জন্য সুখবর, উপমহাদেশের জনপ্রিয় খেলাটি ফিরছে এশিয়াডে।

২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে দেখা যাবে ব্যাট-বলের লড়াই। রবিবার ব্যাংককে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

হাংজু এশিয়াডের লোগো উন্মোচন অনুষ্ঠানসভা শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা অনেক দিন ধরে এশিয়াডে ক্রিকেটকে ফেরানোর চেষ্টা করছিলাম। এবারের সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে। এটা আমাদের জন্য দারুণ সুখবর।’

গুয়াংজুতে ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল বাংলাদেশ, আর ইনচনে পেয়েছিল ব্রোঞ্জ। মেয়েদের ক্রিকেটে দুবারই রুপা এসেছিল বাংলাদেশের ঘরে।