বেসিন রিজার্ভে বৃষ্টিতে প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। রবিবার রোদেলা সকালে আধঘণ্টা আগে টস হয়। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে নেন ফিল্ডিং। ব্যাটিংয়ে নেমে আবারও জ্বলে ওঠেন তামিম।
হ্যামিল্টন টেস্টের পর ওয়েলিংটনেও চমৎকার তামিম। হ্যামিল্টনে ১২৬ ও ৭৪ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান ৮১ বলে ৬ চারে ফিফটি করেন। তার আগে ৭৫ রানের জুটি গড়েন সাদমান ইসলামকে নিয়ে।
২১তম ওভারে এই জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৫৩ বলে ২৭ রান করে রস টেলরের ক্যাচ হন সাদমান।
নিউজিল্যান্ডের কাছে ওপেনিং জুটি ভাঙার পরপরই হাফসেঞ্চুরি উদযাপন করেন তামিম। তারপর ক্রিজে নেমে মুমিনুল হক বেশিক্ষণ টিকতে পারেননি। নেইল ওয়াগনারের বলে ১৫ রানে বিজে ওয়াটলিংকে ক্যাচ দেন বাঁহাতি ব্যাটসম্যান। আগের বলেই রিভিউ নিয়ে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন মুমিনুল।
মোহাম্মদ মিঠুনকেও নিজের শিকার বানান ওয়াগনার। কিউই পেসার তার পরের ওভারে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দি করেন তাকে। তার আগের বলে ওয়াগনার কট বিহাইন্ডের জোরালো আবেদন করলে আম্পায়ার আঙুল তোলেন। রিভিউ নিয়ে ওই যাত্রায় মিঠুন বেঁচে গেলেও পরের বলে বিদায় নেন। মাত্র ৩ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এই টেস্টে দুটি বদল নিয়ে নেমেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ। জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। আর নিউজিল্যান্ড দলে টড অ্যাস্টল জায়গা হারিয়েছেন ম্যাট হেনরির কাছে।