নিউজিল্যান্ড যেতে পারছেন না সাকিব

সাকিব আল হাসানবিপিএলের ফাইনালে আঙুলে চোট পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। তবে টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাওয়ার আশায় ছিল বাংলাদেশ। টাইগার ভক্তদের জন্য দুঃসংবাদ, নিউজিল্যান্ডে যেতেই পারছেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সাকিবের পক্ষে এই সফরে যাওয়া সম্ভব নয়।

থাইল্যান্ডের ব্যাংককে আঙুলে স্ক্যান করে কয়েক দিন আগে দেশে ফিরেছেন সাকিব। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আঙুলে আগের চেয়ে কম ব্যথা অনুভব করায় শেষ টেস্টে খেলতে আগ্রহী বাংলাদেশের অনেক জয়ের নায়ক। কিন্তু তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় ক্রিকেট বোর্ড।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, ২০ মার্চের আগে সাকিবের অনুশীলনে ফেরার কোনও ‍সম্ভাবনা নেই। ২০ মার্চের পর ব্যাটিং ও বোলিং অনুশীলনে ফিরতে পারবেন তিনি। তাই তার পক্ষে নিউজিল্যান্ডে যাওয়া সম্ভব নয়।’

কয়েক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, বিশ্বকাপের জন্য অচিরেই প্রাথমিক দল ঘোষণা করবে বিসিবি। তবে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জানালেন, সরাসরি মূল দলই ঘোষণা করা হবে, ‘নতুন নিয়ম অনুযায়ী, ৩০ এপ্রিলের মধ্যে ১৫ জনের নাম দিতে হবে। তবে ২২ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। আমরা তাই একবারে চূড়ান্ত দল ঘোষণা করবো।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। ৫ মে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রস্তুতি তাই বেশ আগেই শুরু হবে। আকরাম খান জানিয়েছেন, ‘বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফরকে  সামনে রেখে ২২ এপ্রিল শুরু হবে অনুশীলন। বিশ্বকাপের ১৫ জনের সঙ্গে স্ট্যান্ড বাই সহ ২২/২৩ জন ক্রিকেটার যোগ দেবে অনুশীলনে।’