মস্তিষ্কে অস্ত্রোপচার করাতে সিঙ্গাপুর যাচ্ছেন মোশাররফ

53566454_425144628237794_420330114044133376_nব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেল অস্ত্রোপচার করাতে বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে হবে তার মস্তিষ্কে অস্ত্রোপচার।

দেশ ছাড়ার আগে বুধবার নিজের বাসায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা বাঁহাতি এই স্পিনার। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি, ‘সবার কাছে দোয়া চাই। আমার অসুস্থতার কথা জেনে বিসিবি সভাপতি নাজমুল হাসান সহ সতীর্থ ক্রিকেটার মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ সবাই যেভাবে খোঁজ-খবর নিয়েছে, তাতে আমি আপ্লুত। অনেক মানুষের ভালোবাসা, সমর্থন পাচ্ছি। এ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।’

ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা করাতে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পাচ্ছেন মোশাররফ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান কথা বলেছেন তার ব্যাপারে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ কিছুদিন ধরেই মাথা ব্যথা সহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। সমস্যার ব্যাপকতা বুঝতে পেরে চিকিৎসকরা তাকে মাথার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেন। সেই পরীক্ষাতেই ধরা পড়ে টিউমারের অস্তিত্ব।