১ ফেব্রুয়ারি মিরপুরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে লং অফে মোসাদ্দেক হোসেনের ক্যাচ নিতে গিয়ে গোড়ালিতে আঘাত পান সিলেট সিক্সার্সের এই পেসার। চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ মিস করার সঙ্গে তার বিশ্বকাপে খেলাটাও পড়ে যায় সংশয়ে। যদিও খুশির খবরই দিয়েছেন তাসকিন, জানিয়েছেন শিগগিরই শুরু করতে যাচ্ছেন বোলিং।
ইতিমধ্যে দৌড়ানো শুরু করেছেন তাসকিন। শনিবার মিরপুর একাডেমিতে রানিং সেশনের এক ফাঁকে তিনি কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। যেখানে নিজের অবস্থা নিয়ে তিনি বলেছেন, ‘আল্লাহর রহমতে এখন অবস্থা ভালো। আজ (শনিবার) আমার দ্বিতীয় রানিং সেশন হবে। এখন কোনও ব্যথা নেই। এভাবে চলতে থাকলে খুব দ্রুতই বোলিং শুরু করা যাবে।’
ইনজুরিতে নিউজিল্যান্ড সিরিজ মিস হলেও নির্বাচকদের বিশ্বকাপ ভাবনায় আছেন তাসকিন। বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের জন্য নির্বাচকদের দেওয়া ৩০ জনের প্রাথমিক দলেও আছেন তিনি। ২০১৫ বিশ্বকাপ খেলা তাসকিন ইংল্যান্ডের আসরকে করেছেন পাখির চোখ, ‘সত্যি কথা বলতে আমি বিশ্বকাপকে গুরুত্ব দিচ্ছি। কারণ বিশ্বকাপ আমার স্বপ্ন। জানি না কাল সকালে ঘুম থেকে উঠে কী হবে। অত লম্বা চিন্তা করছি না। আমার চিন্তা এখন শতভাগ ফিট হয়ে ওঠা।’
সঙ্গে যোগ করেছেন, ‘আমি ২০১৫ বিশ্বকাপ খেলেছি। বিশ্বকাপে খেলার শান্তিটাই অন্যরকম। এখনও মনে পড়লে বিশ্বকাপের স্মৃতিগুলো খুবই ভালো লাগে। ২০১৯ সালে আরেকটা বিশ্বকাপ আসছে, সবার কাছে দোয়া চাইব যেন সুস্থ থেকে বিশ্বকাপে গিয়ে সেখানে ভালো করতে পারি।’
তবে তার আগে ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে তাসকিনকে। এজন্য প্রাথমিক লক্ষ্য ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফেরা। সবকিছু ঠিক থাকলে সুপার লিগ পর্বে খেলার আশা এই তরুণ পেসারের, ‘ফিজিওর পরিকল্পনা অনুযায়ী আমি সুপার লিগ খেলতে পারব। উন্নতি ভালো হলে এর আগেও খেলতে পারি। তবে তাড়াহুড়ো করতে চাই না, পুনর্বাসনটা ভালো মতো শেষ করেই ম্যাচে ফিরতে চাই।’
ফিট হলে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজেও খেলার সুযোগ পেতে পারেন তিনি। চোট কাটিয়ে এই চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত এমন প্রশ্নে তাসকিনের উত্তর, ‘চ্যালেঞ্জ তো প্রত্যেক দিনই থাকে, শুধু এই সিরিজ বলে কথা না। ইনজুরি ও ফর্মহীনতার কারণে বছর খানিকের মতো জাতীয় দলে খেলিনি। বিষয়টা আমার জন্য একটু কঠিন হলেও বাস্তবতাও মানতে হবে।’