ওয়ার্নার নন, উইলিয়ামসনই হায়দরাবাদের অধিনায়ক

কেন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নারফিরেছেন ডেভিড ওয়ার্নার। আছেন গত আসরে নেতৃত্ব দেওয়া কেন উইলিয়ামসনও। এবারের আইপিএলে তাহলে কে নেতৃত্ব দেবেন সানরাইজার্স হায়দরাবাদকে? প্রশ্নের উত্তরটা অবশেষে পাওয়া গেল শনিবার। ওয়ার্নার থাকলেও এবারও হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসন।

ওয়ার্নারের নেতৃত্বেই হায়দরাবাদ জিতেছে তাদের একমাত্র আইপিএল শিরোপা। বল টেম্পারিং কেলেঙ্কারিতে গত মৌসুমে এই অস্ট্রেলিয়ান নিষিদ্ধ ছিলেন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। এবার যেহেতু ফিরেছেন, তাই তিনি অধিনায়কত্ব ফিরে পাচ্ছেন কিনা, এই নিয়ে ছিল আলোচনা। যদিও এই প্রসঙ্গে এতদিন নীরবই ছিল হায়দরাবাদ।

শনিবার নীরবতা ভেঙেছে ফ্র্যাঞ্চাইজিটি। অধিনায়ক হিসেবে উইলিয়ামসনকে বেছে নিয়েছে তারা। যদিও কিউই অধিনায়কের ফিটনেস নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। বাংলাদেশের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে কাঁধে চোট পেয়েছেন তিনি। পুরোপুরি ফিট নন এখনও। তবু তার কাঁধেই নেতৃত্বের ভার দিয়েছে হায়দরাবাদ। এবারের আসরে তার ডেপুটি হিসেবে থাকছেন ভুবনেশ্বর কুমার।

ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও উইলিয়ামসন খুব বেশি চিন্তিত নন। নিউজিল্যান্ডের এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে খেলা নিয়ে সংশয় আছে আমার। তবে প্রথম ও দ্বিতীয় ম্যাচের মাঝে অনেকটা সময় পাচ্ছি আমি। চোট কাটিয়ে উঠতে এই সময়টা যথেষ্ট।’ ক্রিকইনফো